Published : 25 Apr 2024, 03:03 PM
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের চীন সীমান্তবর্তী মহাসড়কের বড় একটি অংশ ভূমিধসে ভেঙে পড়েছে। এতে চীন সীমান্তের জেলা দিবাং উপত্যকার সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েকদিন ধরে ওই অঞ্চলে ভারি বৃষ্টিপাতের মধ্যে বুধবার ভারতের জাতীয় মহাসড়ক-৩১৩ এর হুনলি ও আনিনির মধ্যবর্তী অংশে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, মহাসড়কটির বড় একটি অংশ নাই হয়ে গেছে, ফলে উভয়পাশে আটকা পড়া যানবাহনগুলো অপরপাশে যেতে পারছে না।
এতে স্থানীয়রা ও ভারতীয় নিরাপত্তা বাহিনী সংকটে পড়েছে, তারা এই মহাসড়কটিকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চল দিবাং উপত্যকার ‘লাইফলাইন’ হিসেবে বিবেচনা করে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
দিবাং উপত্যকা বিচ্ছিন্ন হয়ে পড়লেও সেখানে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে। জরুরিভিত্তিতে মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করার জন্য প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতি পাঠানো হয়েছে। মহাসড়কটি যান চলাচলের মতো উপযুক্ত করতে অন্তত তিন দিন লাগবে বলে দিবাং উপত্যকা জেলার প্রশাসন জানিয়েছে।
এক সতর্ক বার্তায় প্রশাসন স্থানীয় বাসিন্দাদের ভূমিধসের এলাকাগুলো থেকে দূরে থাকতে ও মাছ ধরার জন্য জলাশয়গুলোর কাছে না যাওয়ার পরামর্শ দিয়েছে। রাতে ভ্রমণ করা থেকে বিরত থাকতে ও বর্ষাকালজুড়ে মাটিতে কোনো গর্ত না খোঁড়ারও পরামর্শ দিয়েছে তারা।