প্যারাগুয়ের সবচেয়ে বড় কারাগারে কয়েদিদের আগুন, কারারক্ষীদের জিম্মি
রাজধানীর উপকণ্ঠে ওই কারাগারে বিদ্রোহ দমাতে সামরিক বাহিনী পাঠিয়েছে প্যারাগুয়ে সরকার।
দাঙ্গা বাঁধিয়ে, ১১ কারারক্ষীকে জিম্মি করে প্যারাগুয়ের সবচেয়ে বড় কারাগার তাকুম্বু পেনটেনশিয়ারিতে আগুন দিয়েছে বন্দিরা।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এনরিক রিয়েরা জানান, রাজধানীর উপকণ্ঠে ওই কারাগারে মঙ্গলবার দাঙ্গা বাঁধায় কয়েদিরা। পরে ওই কারা বিদ্রোহ দমন করতে সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো হয়।
তিনি জানান, কয়েদিদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সামরিক বাহিনী পৌঁছানোর পর দুই জিম্মিকে ছেড়ে দেয় কয়েদিরা।
তাকুম্বু কারাগারের টিনের ছাদের এক ভবনেই চার হাজার বন্দিকে রাখা হয়েছে। কারাগারের ভেতরের পরিস্থিতি প্রায় অনেকটাই স্থানীয় গ্যাংগুলোর নিয়ন্ত্রণে থাকে।
রয়টার্সের একজন আলোকচিত্রীর তোলা ছবিতে দেখা যায়, খালি গায়ে এক বন্দি কারাগারের দেয়ালের ওপরে দাঁড়িয়ে একটি কাঠের বোর্ডকে ঢাল বানিয়ে নিরাপত্তারক্ষীদের দিকে ঢিল ছুড়ছে।
কারাগারের ফটকে যখন আগুন জ্বলছিল, পুলিশ সদস্যদের তখন নিরাপদ জায়গায় অবস্থান নিতে দেখা যায়। দমকলকর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে দাঙ্গা ও আগুনের খবর পেয়ে বন্দিদের পরিবারের সদস্যরা জড়ো হন কারাগারের বাইরে। উৎকণ্ঠা নিয়ে খবরের জন্য অপেক্ষা করছিলেন তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী এনরিক রিয়েরা বলেছেন, তাকুম্বু কারাগারের এই বিদ্রোহ দমনের পর সরকার তারা সংস্কারে মনোযোগী হবে।
