২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও জন্মহারে সবচেয়ে পিছিয়ে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় ২০১৮ সালে প্রথম একজন নারীর বিপরীতে শিশু জন্মের হার এক এর নিচে নেমে যায়। তারপর থেকে তা শুধু কমছেই।

আবারও জন্মহারে সবচেয়ে পিছিয়ে দক্ষিণ কোরিয়া

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 09:16 PM

Updated : 25 Aug 2022, 09:16 PM

আবারও জন্মহারে সবচেয়ে পিছিয়ে পড়া দেশের তালিকায় এক নম্বরে উঠেছে দক্ষিণ কোরিয়ার নাম।

দেশটিতে একজন নারীর বিপরীতে সন্তান জন্মের হার মাত্র ০ দশমিক ৮১ শতাংশ। বুধবার জন্মহারের এ সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

দক্ষিণ কোরিয়ায় ২০১৮ সালে প্রথম একজন নারীর বিপরীতে শিশু জন্মের হার এক এর নিচে নেমে যায়। তারপর থেকে তা শুধু কমছেই। গত বছরের চেয়ে এ বছর আরো তিন পয়েন্ট কমে গেছে।

এ নিয়ে টানা ষষ্ঠ বছর দক্ষিণ কোরিয়ায় জন্মহার হ্রাস পেল। সেখানে এখন দম্পতি প্রতি গড়ে ১ দশমিক ৬ জন সন্তান রয়েছে। কোনও রকম অভিবাসন ছাড়া দেশের জনসংখ্যা ঠিক রাখতে দম্পতি প্রতি গড়ে ২ দশমিক ১ জন সন্তান প্রয়োজন।

১৯৭০ এর দশকের দিকে দক্ষিণ কোরিয়ায় একজন নারীর গড়ে চারজন সন্তান ছিল।

জন্মহারের অস্বাভাবিক হ্রাস একটি দেশের জন্য মারাত্মক উদ্বেগের বিষয়। এর ফলে দেশের মোট জনসংখ্যায় বয়স্ক মানুষের হার বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সেবা ব্যবস্থা এবং অবসর খাতে চাহিদা বেড়ে সরকারি ব্যয়ও অনেক বৃদ্ধি পায়।

অন্যদিকে, কর্মক্ষম তরুণের অভাবে দেশে শ্রমিকের অভাব দেখা দেয়। সরাসরি যার নেতিবাচক প্রভাব পড়ে দেশের অর্থনীতির উপর।

২০২০ সালে দক্ষিণ কোরিয়ায় শিশু জন্মের তুলনায় বেশি মানুষের মৃত্যু হয়েছিল। প্রথমবারের মতো ঘটা এমন ঘটনা নিঃসন্দেহে দেশটির জন্য সতর্কবার্তা ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক চাপ এবং দীর্ঘ কর্মঘণ্টার কারণে দক্ষিণ কোরিয়ার তরুণদের মধ্যে সন্তান জন্মদানে অনীহা দেখা দিয়েছে, বিশেষ করে নারীদের মধ্যে।

২০২১ সালে শিশু জন্মের হার এতটা হ্রাস পাওয়ার জন্য জীবনযাত্রার অত্যধিক ব্যয়, বাড়ির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া এবং কোভিড-১৯ মহামারীর প্রভাবকে মূলত দায়ী করছেন বিশেষজ্ঞরা।