৬ বছর পর ভিয়েতনামে চীনের প্রেসিডেন্ট, ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি
সম্পর্ক জোরদার করা এবং অভিন্ন ভবিষ্যতের জন্য একটি চীন-ভিয়েতনাম সম্প্রদায় গড়তে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে দুই দেশ।
ছয় বছর পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরকালে সম্পর্ক জোরদার করা এবং ‘অভিন্ন ভবিষ্যৎ’ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন পুরোনো শত্রু এবং দক্ষিণ চীন সাগর অঞ্চল নিয়ে বিরোধে জড়ানো এই দুই দেশের নেতারা।
গত সেপ্টেম্বরে ভিয়েতনামে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সফরের তিনমাসের মাথায়ই ভিয়েতনামে গেলেন চীনের প্রেসিডেন্ট শি। বিশ্লেষকরা বলছেন, হ্যানয়ে ওয়াশিংটনের প্রভাব কমিয়ে চীন ও ভিয়েতনাম সম্পর্ক জোরদার করাই শি জিনপিংয়ের এ সফরের উদ্দেশ্য।
মঙ্গলবার ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভন থুংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের মধ্যে রেলওয়েসহ ৩৭ টি সহযোগিতা চুক্তি সই হয়েছে।
সাংবাদিকদের কাছে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চীনের তাগাদার পর ভিয়েতনাম মানবজাতির অভিন্ন ভবিষ্যতের জন্য যৌথভাবে একটি চীন-ভিয়েতনাম সম্প্রদায় গড়ে তুলতে প্রতিশ্রুতিব্ধ হয়েছে।
তাছাড়া, ভিয়েতনামের পরিবহণ অবকাঠামোর উন্নয়ন ঘটাতে চীন তাদের অত্যাধুনিক রেলওয়ে প্রযুক্তি দেশটিকে দেওয়ারও প্রস্তাব করেছে। এর মধ্যে আছে, দক্ষিণ চীন থেকে ভিয়েতনামের হাইপং বন্দর পর্যন্ত রেল সংযোগের উন্নয়ন ঘটানোর বিষয়টি।
চীন এবং ভিয়েতনামের মধ্যে আছে ঘোরতর অবিশ্বাস। অর্থনৈতিক দিক থেকে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলের মালিকানা দাবি নিয়ে চীনের সঙ্গে ভিয়েতনামের বিরোধ আছে।
১৯৭৯ সালে পুরোদস্তুর সীমান্ত যুদ্ধসহ ১৯৭০ এবং ৮০’র দশকে চীন ও ভিয়েতনামের মধ্যে তিক্ত সম্পর্কের ইতিহাস আছে। আছে ভিয়েতনামে চীনের দীর্ঘ ঔপনিবেশিকতার ইতিহাসও।
বিবিসি জানায়, চীনের প্রেসিডেন্টের সফরকালে এসব তিক্ততা নিয়ে প্রকাশ্যে কোনও কথা না হলেও ভিয়েতনামে অনলাইনে সংঘাতপূর্ণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। ভিয়েতনামের একজন ফেইসবুক ব্যবহারকারী লিখেছেন, “আমরা কেবল শান্তি চাই। প্রেসিডেন্ট শি দয়া করে আসবেন না।”
আরেকজন ফেইসবুক ব্যবহারকারী লেখেন, “শি জিনপিং ‘নাইন ড্যাশ লাইন’ (দক্ষিণ চীন সাগরে চীনের বসানো সীমানা নির্ধারণী ডট লাইন) সরিয়ে দিলেই দুই দেশ তাৎক্ষণিকভাবে ভাই-ভাই হয়ে যেতে পারে।”
দক্ষিণ চীন সাগর নিয়ে দ্বন্দ্ব ও উত্তেজনা কমানোর চেষ্টায় এবার দুই দেশ দক্ষিণ চীন সাগরের উত্তর-পশ্চিমাঞ্চলের তনকিন গাল্ফে যৌথ টহল নিয়ে একটি সমঝোতা স্মরক সই করেছে।
সই হওয়া চুক্তিগুলো যে সাংবাদিকরা দেখেছেন তারা জানিয়েছেন, হ্যানয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক যে পর্যায়ে আছে, চীন-ভিয়েতনাম সম্পর্ক তার চেয়েও উঁচুতে নিয়ে যেতে আগ্রহী বেইজিং। একারণে ভিয়েতনামের সঙ্গে ৩৭ টি সহযোগিতা চুক্তি সই করেছে চীন। যদিও এ সংখ্যা প্রাথমিকভাবে প্রস্তাবিত চুক্তির চেয়ে কম।
ভিয়েতনামের একজন কর্মকর্তা জানান প্রাথমিকভাবে ৪৫ টি সহযোগিতা চুক্তি সইয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। দুই দেশ যৌথভাবে ‘দুই করিডোর, ওয়ান বেল্ট’ অবকাঠামো প্রকল্প চালু করতেও সম্মত হয়েছে।
তাছাড়া, চীন ভিয়েতনামের অনেক বড় ব্যবসায়িক অংশীদারও। চীন ভিয়েতনামে সরাসরি সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী দেশ। ফলে শি জিনপিং ও ভিয়েতনামের নেতাদের মধ্যে আলোচনায় বাণিজ্যও খুবই গুরুত্ব পাচ্ছে।
শি জিনপংয়ের ভিয়েতনাম সফর ভূরাজনৈতিক দিক থেকেও খুবই গুরুত্ববহ। এ সফরের ফলে দু’দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
