২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনকে নেটোয় নিতে রাজি এরদোয়ান, ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বললেন মহাসচিব

তুরস্কের প্রেসিডেন্ট এবং সুইডেনের প্রধানমন্ত্রীর মধ্যে সোমবার দ্বিপক্ষীয় বৈঠকের পরই তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান মন বদলেছেন বলে জানান নেটো মহাসচিব।

সুইডেনকে নেটোয় নিতে রাজি এরদোয়ান, ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বললেন মহাসচিব

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 11 Jul 2023, 08:32 PM

Updated : 11 Jul 2023, 08:42 PM

পশ্চিমা সামরিক জোট নেটোতে সুইডেনের সদস্যপদ প্রাপ্তি নিয়ে আপত্তি জানিয়ে আসা তুরস্ক অবশেষে কয়েকমাসের নাটকীয়তার অবসান ঘটিয়ে এতে সবুজ সংকেত দিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান সোমবার বলেছেন, পার্লামেন্টে সুইডেনের নেটো সদস্য হওয়ার আবেদন অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে নিতে রাজি তিনি।

এরদোয়ানের এই অবস্থানের কথা জানিয়ে নেটো প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, “এ এক ঐতিহাসিক পদক্ষেপ। এর ফলে নেটো মিত্ররা আরও শক্তিশালী এবং নিরাপদ হবে।”

লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে মঙ্গলবার শুরু হচ্ছে নেটো শীর্ষ সম্মেলন। তার আগে  সুইডেন এবং তুরস্কের মধ্যকার অচলবস্থা ভাঙতে দুই দেশের নেতার মধ্যে বৈঠকের আয়োজন করেন স্টলটেনবার্গ।

বৈঠক হয় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের মধ্যে। এ বৈঠকের পরই এরদোয়ানের মন বদলানোর কথা জানান নেটো মহাসচিব।

সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, “আমি একথা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, সুইডেনের নেটো সদস্যপদ পাওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। শিগগিরই তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে এ সংক্রান্ত প্রস্তাব পেশ এবং এর অনুমোদন প্রাপ্তি নিশ্চিত করা হবে।”

রাশিয়া গত বছর ইউক্রেইনে আক্রমণ শুরু করার পর সুইডেন ও ফিনল্যান্ড নেটো সামরিক জোটে যোগ দেওয়ার আবেদন জানায়। কিন্তু এই জোটে তাদের নিতে নেটোর ৩০ সদস্যের সবার অনুমোদন প্রয়োজন ছিল।

ফিনল্যান্ড এই সমর্থন পেয়ে নেটো সদস্য হয়ে গেছে। কিন্তু সুইডেন ‘সন্ত্রাসী কুর্দিদের’ আশ্রয় দিচ্ছে অভিযোগ করে দেশটির নেটো সদস্যপদপ্রাপ্তি  এতদিন ধরে ঠেকিয়ে রেখে এসেছে তুরস্ক।

নেটোর সদস্যদেশ তুরস্ক সুইডেনকে এর আগে বলেছিল, আঙ্কারার সমর্থন পেতে হলে তারা যাদের সন্ত্রাসী বলে বিবেচনা করে তাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে স্টকহোমকে।

এক্ষেত্রে আঙ্কারা মূলত সুইডেনে আশ্রয় নিয়ে থাকা কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের এবং ২০১৬ সালে তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টার জন্য তাদের দায়ী করা একটি গোষ্ঠীকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে বিবেচনা করেছে।

তাছাড়া সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা নিয়েও স্টকহোমের সঙ্গে আঙ্কারার মতবিরোধ রয়েছে। সুইডেনের নেটোতে যোগদানের প্রচেষ্টা তুরস্কের আটকে রাখার এটিও ছিল একটি কারণ।

ভিলনিয়াসে নেটো সম্মেলনের আগে দিয়ে সুইডেনের নেটো সদস্যপদের বিষয়টি নিয়ে তাগাদা দিতে এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু এরদোয়ান তাকেও জানিয়ে দিয়েছিলেন যে, ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সুইডেনের স্বপ্ন পূরণ হবে না।

উপরন্তু সোমবার নেটো সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে এরদোয়ান বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তুরস্কের অন্তর্ভুক্তির বিষয়ে স্থবির হয়ে পড়া আলোচনা যদি আবার শুরু হয়, তাহলে তিনি নেটোতে সুইডেনের যোগদানের চেষ্টায় সমর্থন দিতে পারেন।

৫০ বছরেরও বেশি সময় ধরে যে দেশগুলো ইইউ এর দরজায় তুরস্ককে দাঁড় করিয়ে রেখেছে, তাদেরকে এ দ্বার খুলে দেওয়ার আহ্বান জানান এরদোয়ান।

২০০৫ সালে তুরস্কে প্রধানমন্ত্রী হিসাবে এরদোয়ানের প্রথম মেয়াদের সময়ে ইইউয়ে দেশটির সদস্যপদ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এরপর তুরস্কে মানবাধিকার লঙ্ঘন নিয়ে ইউরোপের উদ্বেগের কারণে ২০১৬ সাল থেকে সে আলোচনা থমকে গেছে।

ইইউ দেশগুলো নেটো মিত্রদেশ তুরস্কের ওপর বিশেষত নির্ভরশীল হয়ে আছে অভিবাসী ইস্যু নিয়ে। এমন আবহে হঠাৎ করেই ভিন্ন মোড় নিয়ে এরদোয়ান ইইউতে তুরস্কের অন্তর্ভুক্তির সঙ্গে সুইডেনের নেটো সদস্যপদ প্রাপ্তিকে সমর্থন দেওয়ার বিষয়টিকে একসূতোয় গাঁথেন।

তবে এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র সঙ্গে সঙ্গেই বলেন, নেটো সদস্যপদ আর ইইউ সদস্যপদ পাওয়া দুটি ভিন্ন প্রক্রিয়া। দুটোকে এক করে দেখা যায় না।

পরে ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল এক টুইটে বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্ক নতুন গতি পেয়েছে।

তুরস্কের মতো হাঙ্গেরিও সুইডেনের নেটো সদস্যপদ নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। তবে তারাও এখন আপত্তি তুলে নিয়েছে।

বৃহস্পতিবারই হাঙ্গেরির প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ জানিয়েছেন, তারা আর সুইডেনের চেষ্টায় বাধা হবে না। ফলে তুরস্কের অনুমোদন পেয়ে গেলেই নেটোতে যোগদানে সুইডেনের সর্বশেষ বাধা দূর হয়ে যাবে।