ইউক্রেইনের লিমান শহর থেকে পিছু হটল রুশ সেনারা
শহরটি থেকে রুশ সেনা প্রত্যাহারকে পূর্বাঞ্চলের লড়াইয়ে রাশিয়ার বড় ধরনের ব্যর্থতা হিসাবেই দেখা হচ্ছে।
ইউক্রেইনের পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ কৌশলগত শহর লিমান থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া।
শহরটি থেকে রুশ সেনা প্রত্যাহারকে পূর্বাঞ্চলের লড়াইয়ে রাশিয়ার বড় ধরনের ব্যর্থতা হিসাবেই দেখা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শহরটিতে মোতায়েন কয়েক হাজার সেনা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কার মধ্যে সেখান থেকে সেনা প্রত্যাহারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
লিমান শহর রুশ দখলমুক্ত হওয়ায় ইউক্রেইনীয় সেনারা এখন সহজেই দোনেৎস্ক ও লুহানস্কে যাতায়াত করতে পারবে।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেছেন, শহরটি ‘পুরোপুরি মুক্ত’ করা হয়েছে।
শনিবার অনলাইনে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, রুশ সেনা প্রত্যাহারের ঘোষণা আসার আগে দিয়ে ইউক্রেইনীয় সেনারা শহরের উপকণ্ঠে তাদের জাতীয় পতাকা ওড়াচ্ছে।
এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, লিম্যানে আবারও নীল ও হলুদ পতাকা উড্ডয়ন করা হলেও সেখানে লড়াই অব্যাহত রয়েছে।
লিমান শহরটি রাশিয়ার রসদ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এ শহর দখলমুক্ত হওয়া ইউক্রেইনের জন্য কৌশলগতভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
লিমান শহরটি দনেৎস্ক অঞ্চলে অবস্থিত। ইউক্রেইনের যে চারটি আংশিক-অধিকৃত অঞ্চলকে রাশিয়া শুক্রবার নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করেছে দনেৎস্ক তার একটি।
অবৈধ ভূমি দখল আখ্যা দিয়ে ইউক্রেইন ও পশ্চিমারা রাশিয়ার এ পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে।
ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ইউরিক সাক এর আগে বিবিসি-কে বলেছিলেন, টানা কয়েক দিনের তুমুল লড়াইয়ের পর লিমানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইউক্রেইন।
ক্রেমলিনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইনের বিশাল অংশকে নিজেদের ভূখণ্ডভুক্ত করার ঘোষণা দেওয়ার মধ্যেই কিইভ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা লিমান শহরকে শনিবার কয়েক দিক থেকে ঘিরে ফেলার দাবি করে।
ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ইউরিক সাক বলেছেন, রুশ সেনাদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছে। আত্মসমর্পণকারীদের সঙ্গে ভদ্র আচরণ করা হবে বলেও জানানো হয়েছিল।
এর কিছুক্ষণ পরই ক্রেমলিন জানায়, তারা লিমান শহর থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। ওই শহরে ইউক্রেইনের ‘উল্লেখযোগ্য শক্তিশালী বাহিনী’ আছে বলেও তারা স্বীকার করে নেয়।
