গভর্নর নির্বাচন: ‘ব্লু ওয়াল’ রাজ্যগুলো ফের ডেমোক্র্যাটদের দখলে
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান-অধুষ্যিত রাজ্য আইনসভায় গর্ভপাতের অধিকার এবং সু্ষ্ঠু নির্বাচনের মতো বিষয়গুলো সমুন্নত রাখার সক্ষমতা পেল ডেমোক্র্যাটরা।
‘ব্লু ওয়াল’ বলে পরিচিত যুক্তরাষ্ট্রের তিন গুরুত্বপূর্ণ রাজ্য মিশিগান, পেনসিলভেইনিয়া ও উইসকনসিনের গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থীরা।
এর মধ্য দিয়ে রিপাবলিকান-অধুষ্যিত রাজ্য আইনসভায় গর্ভপাতের অধিকার এবং সু্ষ্ঠু নির্বাচনের মতো বিষয়গুলো সমুন্নত রাখার সক্ষমতা পেল ডেমোক্র্যাটরা।
এডিসন রিসার্চ এর আভাস অনুযায়ী, মিশিগান ও উইসকনসিনে যথাক্রমে গভর্নর গ্রেচেন হুইটমার ও গভর্নর টনি এভার্স পুনরায় নির্বাচিত হয়েছেন। আর পেনসিলভেইনিয়ায় বিদায়ী ডেমোক্র্যাটিক গভর্নরের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন একই দলের জোশ শাপিরো।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জো বাইডেনের জয় পেতে ‘ব্লু ওয়াল’ রাজ্যগুলো সহায়তা করেছে। যদিও ওই তিন রাজ্যের সবগুলোর আইনসভাই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ৩৬ রাজ্যের গভর্নর পদেও ভোট হয়। ফ্লোরিডা, জর্জিয়া ও টেক্সাসে গভর্নর পদে জয় পেয়ে চলেছেন রিপাবলিকান প্রার্থীরা। ওয়েস্ট কোস্টে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
