২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বালি বোমা হামলার জন্য অনুশোচনা ইন্দোনেশীয় জঙ্গির

বালির দুটি নাইটক্লাবে জোড়া বোমা হামলায় ২০২ জন নিহত হয়েছিল, তাদের ৮৮ জন ছিলেন অস্ট্রেলিয়ান।

বালি বোমা হামলার জন্য অনুশোচনা ইন্দোনেশীয় জঙ্গির

২০১২ সালে পশ্চিম জাকার্তার একটি আদালতে ২০ বছর কারাদণ্ডের রায় শোনার পর উমর পাতেক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 05:49 PM

Updated : 29 Aug 2022, 05:49 PM

পর্যটন দ্বীপ বালিতে ২০০২ সালে চালানো প্রাণঘাতী বোমা হামলায় নিজের ভূমিকার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন ইন্দোনেশীয় এক জঙ্গি।

তিনি খুব শিগগিরই জামিনে মুক্তি পাচ্ছেন, সোমবার গণমাধ্যমের এমন খবরে অস্ট্রেলিয়াজুড়ে ক্ষোভ দেখা দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

বালির দুটি নাইটক্লাবে বোমা হামলায় জড়িত থাকার দায়ে উমর পাতেককে ২০১২ সালে ২০ বছর কারাদণ্ড দেওয়া হয়। ওই জোড়া বোমা হামলায় ২০২ জন নিহত হয়েছিল, তাদের ৮৮ জন ছিলেন অস্ট্রেলিয়ান। ভালো আচরণের জন্য ক্ষমা পেতে পেতে চলতি মাসে পাতেক শর্তাধীন মুক্তির যোগ্য হয়ে ওঠেন, জানিয়েছে রয়টার্স।

তার নথিতে ইন্দোনেশিয়ার বিচারমন্ত্রী স্বাক্ষর করলেই পাতেক মুক্তি পাবেন বলে জানা গেছে, তবে কবে তা পরিষ্কার হয়নি।

দেশটির পূর্ব জাভার সুরাবায়া শহরের পোরং কারাগারে ২০১৪ সাল থেকে বন্দি আছেন পাতেক। এই কারাগারের একটি বিরল ভিডিও শট উদ্ধৃত করে অস্ট্রেলিয়ার এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যাশিত মুক্তির পর ধর্মীয় চরমপন্থার বিপদ সম্পর্কে তরুণ ইন্দোনেশীয়দের সতর্ক করবেন বলে পাতেক আশা করছেন।

উমর পাতেকের ভিডিওটা রয়টার্স যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। পোরং কারাগারের দাপ্তরিক ইউটিউব চ্যানেল থেকেও ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে। বিচার মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পোরং কারাগারের প্রধান জালু ইউসওয়া পানজাং।

রোববার পোরং কারাগার তাদের ইউটিউব চ্যানেলে ২০ মিনিটের একটি ভিডিও আপলোড করেছিল। তাতে পাতেককে ও কারাগারের প্রধানকে কারাগারের ভেতরের প্রাঙ্গণে পায়চারি করতে দেখা যায়। ওই সময় দণ্ডিত এ জঙ্গি প্রাণঘাতী ওই হামলায় নিজের ভূমিকা নিয়ে আলোচনা করেন বলে এবিসি নিউজ অস্ট্রেলিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

এবিসি জানিয়েছে, পাতেক কারাগার প্রধানকে বলেন, “বালি বোমা হামলার সঙ্গে জড়িত হয়ে আমি ভুল করেছিলাম।”

২০১২ সালে তার বিচার চলাকালে পাতেকের আইনজীবী দাবি করেছিলেন, তিনি (পাতেক) শুধু নির্দেশ অনুযায়ী বোমার অংশগুলো জুড়ে দিয়েছিলেন, তিনি হামলার পরিকল্পনা বা হামলা বাস্তবায়ন করেননি।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ তাদের চরমপন্থা ছাড়ানোর উদ্যোগের উদাহরণ হিসেবে পাতেককে দেখিয়ে আসছে।

পাতেকের আসন্ন শর্তাধীন মুক্তির খবরে অস্ট্রেলিয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ বলেছেন, তার মুক্তি ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ওপর মারাত্মক প্রভাব ফেলবে’।