মেক্সিকোতে বারে বন্দুকধারীদের গুলিতে নিহত ১২
হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।
মেক্সিকোর মধ্যাঞ্চলের শহর ইরাপুয়াতোতে একটি বারে অজ্ঞাত বন্দুধকধারীদের নির্বিচার গুলিতে ৬ নারীসহ ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এ নিয়ে গুয়ানাওয়াতো রাজ্যে এক মাসেরও কম সময়ের মধ্যে দুটি বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটল।
শনিবার ইরাপুয়াতোর দক্ষিণ অংশে হওয়া এ হামলা তিনজন আহত হয়েছে; বন্দুকধারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে বলেও স্থানীয় সরকারের এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হামলার মোটিভ কী তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গুয়ানাওয়াতো রাজ্যে বিশ্বের শীর্ষ অনেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের বড় বড় সব উৎপাদন কেন্দ্র রয়েছে। রাজ্যটির নিয়ন্ত্রণ নিতে প্রতিদ্বন্দ্বী মাদক কারবারিদের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে রক্তক্ষয়ী লড়াই দেখা যাচ্ছে।
গত ২১ সেপ্টেম্বর এ রাজ্যের তারিমোরো শহরে একটি বারে বন্দুকধারীরা ১০ জনকে গুলি করে হত্যা করে। তারিমোরো ইরাপুয়াতোর ৯৬ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত।
