২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে আরও দুই বছর লড়তে সক্ষম রাশিয়া: লিথুয়ানিয়া

লিথুয়ানিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ফিনল্যান্ডসহ নেটো সীমান্তে সামরিক সক্ষমতা বাড়ানোর পথে রয়েছে রাশিয়া।

ইউক্রেইনে আরও দুই বছর লড়তে সক্ষম রাশিয়া: লিথুয়ানিয়া

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 07 Mar 2024, 06:21 PM

Updated : 07 Mar 2024, 06:21 PM

তেলের উচ্চ মূল্য, নিষেধাজ্ঞা ফাঁকি এবং রাষ্ট্রীয় বিনিয়োগের মাধ্যমে যথেষ্ট সম্পদ আহরণের বদৌলতে ইউক্রেইনে অন্তত আরও দুই বছর লড়াই চালিয়ে যেতে সক্ষম রাশিয়া।

লিথুয়ানিয়ার গোয়েন্দা সংস্থাগুলো বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

২০২৩ সালে ইউক্রেইনে রাশিয়া তাদের যুদ্ধ-বিধ্বস্ত সেনাবাহিনীকে সংস্কার ও আরও শক্তিশালী করেছে। আর এখন ফিনল্যান্ডসহ নেটো সীমান্তে সামরিক সক্ষমতা বাড়ানোর পথে রয়েছে দেশটি।

ফিনল্যান্ড গত বছর পশ্চিমা এই সামরিক জোটে যোগ দিয়েছে। ফিনল্যান্ড যে হুমকির মুখে আছে সেটিও গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে রাশিয়ার বিষয়ে বলা হয়েছে, “আগের অভিজ্ঞতা থেকে যে শিক্ষা হয়েছে তা মূল্যায়ন করা এবং যুদ্ধে নিজেদের কর্মদক্ষতা আরও উন্নত করতে সক্ষম মস্কো।”

জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যৌথ এই প্রতিবেদন তৈরি করেছে কাউন্টার ইন্টেলিজেন্স স্টেট সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং সামরিক বাহিনীর ডিফেন্স ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিস। 

রাশিয়া ও এর মিত্র বেলারুশ উভয়ের প্রতিবেশী দেশ লিথুয়ানিয়া। একসময় রাশিয়ার অধীনে ছিল দেশটি। তবে বর্তমানে এটি নেটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য।

লিথুয়ানিয়ার গোয়েন্দা সংস্থাগুলো প্রতিবেদনে লিখেছে, ইউক্রেইনে আগ্রাসন চালানোর পর রুশ প্রতিরক্ষা শিল্পের উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করছে রুশ গোয়েন্দারা।

রাশিয়াকে প্রকাশ্যে ইরান এবং উত্তর কোরিয়া অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে। আর চীন রাশিয়াকে মাইক্রোচিপ সরবরাহকারী বৃহত্তম দেশ হয়ে উঠেছে এবং ইউয়ান রাশিয়ার আন্তর্জাতিক লেনদেনের প্রধান মুদ্রা হয়ে উঠেছে।

২০২৩ সালে বেলারুশে সামরিক ওয়ারহেড মোতায়েনের পর থেকে রাশিয়া সেখানে ক্রমেই সেগুলো ব্যবহারের জন্য অবকাঠামো তৈরি করছে, বলা হয়েছে প্রতিবেদনে।

সীমান্ত অতিক্রম করা লিথুয়ানিয়ার নাগরিকদের নিয়োগের জোর চেষ্টা চালাচ্ছে রাশিয়া এবং বেলারুশের গোয়েন্দা সংস্থাগুলো।

তাছাড়া, নগদ অর্থের বিনিময়ে বেলারুশের গোয়েন্দাদের ডেটা সরবরাহ করার অভিযোগে ২০২৩ সালে লিথুয়ানিয়া কর্তৃপক্ষ নিজ দেশের বেশ কয়েকজন নাগরিককে আটক করেছে।

চীনের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, ২০২৩ সালে লিথুয়ানিয়ায় গুপ্তচরবৃত্তির চেষ্টা বাড়িয়েছে দেশটি। ২০২১ সালে লিথুয়ানিয়া তাইওয়ানকে তাদের মাটিতে ডি ফ্যাক্টো দূতাবাস খোলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই দেশটিতে চীন গুপ্তচরবৃত্তির চেষ্টা জোরদার করেছে।