২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সীমিত আকারে কানাডা থেকে ভিসা দেওয়া শুরু করছে

ভিসা বন্ধ রাখার প্রায় এক মাস পেরোনোর পর গলছে বরফ। সীমিত আকারে ভিসা দেওয়ার সিদ্ধান্তের আওতায় বৃহস্পতিবার থেকেই এ প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারত।

ভারত সীমিত আকারে কানাডা থেকে ভিসা দেওয়া শুরু করছে

ছবি: ইউটিউব ভিডিও।

নিউজ ডেস্ক

Published : 26 Oct 2023, 08:38 PM

Updated : 26 Oct 2023, 11:28 PM

বড় ধরনের কূটনৈতিক বিরোধ থাকার পরও কানাডার নাগরিকদের জন্য সীমিত আকারে ভিসা দেওয়া শুরু করছে ভারত। অটোয়ায় ভারতীয় হাই কমিশন একথা জানিয়েছে।

খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় ভারতের হাত থাকা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগকে কেন্দ্র করে ভারত-কানাডার দ্বিপক্ষীয় সম্পর্কে ফাটল ধরে।

এরপরই গত ২১ সেপ্টেম্বর আচমকা কানাডার নাগরিকদের আর ভারতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি। যদিও ভারত সে সময় বলেছিল, নিরাপত্তা হুমকির কারণে কানাডা মিশনের কাজে বিঘ্ন ঘটায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবিসি জানায়, ভিসা বন্ধ রাখার প্রায় এক মাস পেরোনোর পর গলছে বরফ। সীমিত আকারে ভিসা দেওয়ার সিদ্ধান্তের আওতায় বৃহস্পতিবার থেকেই এ প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারত। আপাতত নির্দিষ্ট কয়েকটি ক্যাটেগরিতেই ভিসা দেওয়ার এ প্রক্রিয়া শুরু হচ্ছে বলে হাই কমিশন জানিয়েছে।

কানাডার ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বুধবার বলা হয়, কানাডা মিশনের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখে এবং কানাডীয় কিছু পদক্ষেপের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে চারটি ক্ষেত্রে ভিসার অনুমতি দেওয়া শুরু হচ্ছে। সেগুলো হল- ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেজ ভিসা’, ‘মেডিক্যাল ভিসা’ এবং ‘কনফারেন্স ভিসা’।

তবে এই সীমিত আকারের ভিসা ইস্যুর প্রক্রিয়ায় কানাডার পর্যটকরা ভিসা পাবেন কিনা তা স্পষ্ট নয়।পর্যটকদের জন্য নির্দিষ্টভাবে টুরিস্ট ভিসা পাওয়ার দরকার হয়।

ভারত-কানাডা কূটনৈতিক সমতা ফেরানোর জন্য গত রোববার আহ্বান জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। তবে কানাডার কূটনীতিকরা নয়া দিল্লির বিষয়ে হস্তক্ষেপ করছেন বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এ পরিস্থিতিতেই আংশিকভাবে বিশেষ চারটি ক্ষেত্রে কানাডীয়দের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নিল ভারত।