পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় মহড়ায় যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
২০১৭ সালের পর এটিই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া। সোমবার থেকে শুরু হওয়া এ মহড়া শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর।
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার হুমকির মুখে জোর প্রস্তুতি নিতে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করেছে দুই মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।
সোমবার এই বার্ষিক গ্রীষ্মকালীন মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ২০১৭ সালের পর এটিই দু’দেশের সবচেয়ে বড় মহড়া। এর নাম দেওয়া হয়েছে ‘উলচি ফ্রিডম শিল্ড’। মহড়াটি শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল গত মে মাসে ক্ষমতা নেওয়ার পরই প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, উত্তরের বিরুদ্ধে প্রতিরোধ আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়া আরও স্বাভাবিক করে তোলা হবে।
এছাড়াও করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকে প্রথমবারের মতো আলাদাভাবে চার দিনের বেসামরিক প্রতিরক্ষা মহড়াও শুরু করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল বলেন, এসব মহড়ার উদ্দেশ্য হল যুদ্ধের ধরন পরিবর্তনের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়া।
মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, কোরীয় উপদ্বীপে শান্তি বজায় থাকাটা নির্ভর করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ওপর। সত্যিকারের পরিস্থিতির ওপর ভিত্তি করে পুঙ্খানুপুঙ্খভাবে মহড়া চালানোর আহবান জানান ইয়োল।
দুই মিত্র দেশের এ বড় ধরনের মহড়াকে উত্তর কোরিয়ায় হামলার প্রস্তুতিও মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ইয়োলের পূর্বসুরি উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু ইয়োল ক্ষমতায় আসার পর ফের সামরিক মহড়া শুরু হল।
উত্তর কোরিয়া গত সপ্তাহে তাদের ওনচন শহর থেকে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার থেকে চারদিনের প্রস্তুতিমূলক যৌথ মহড়া শুরু করার পরদিনই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছুড়ে।
উত্তর কোরিয়া এ বছর নজিরবিহীন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। যে কোনও সময় উত্তর কোরিয়া ফের পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বলেও উদ্বেগ রয়েছে।
