মেক্সিকোতে বছরের প্রথম ৬ মাসে প্রতিদিন ‘১৭টি নৃশংসতার’ খবর
জানুয়ারি থেকে জুন পর্যন্ত মেক্সিকান গণমাধ্যমগুলো ২ হাজার ৬৫৭টি প্রতিবেদনে ৩ হাজার ১২৩টি ঘটনায় ৫ হাজার ৪৬৩ জনের হতাহত হওয়ার খবর দিয়েছে।
মেক্সিকোর গণমাধ্যমে চলতি বছরের প্রথম ছয় মাসের প্রত্যেকদিন গড়ে ১৭টি করে নৃশংসতার খবর এসেছে বলে বেসরকারি এক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে।
নৃশংসতার খবরের এ পরিমাণ গত বছরের একই সময়ে তুলনায় ১৮ শতাংশ বেশি, বলছে কজা এন কমুনের প্রতিবেদন।
মেক্সিকোতে কিছু কিছু সংবাদপত্র কেবল ‘রক্তাক্ত’ অপরাধের খবরই দেয়; কয়েক দশকের সহিংসতা দেশটির এক লাখেরও বেশি মানুষকে নিখোঁজ করেছে। সাম্প্রতিক সময়ে দেশটি তাদের নিরাপত্তা বাহিনীকে পুনর্গঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গুরুতর মারধর, হাত-পা ভেঙে দেওয়া, হত্যা বা সন্ত্রাস উসকে দেওয়া জাতীয় উদ্দেশ্যপ্রণোদিত বলপ্রয়োগকে `নৃশংসতা’ হিসেবে সংজ্ঞায়িত করা বেসরকারি সংস্থা কজা এন কমুন মেক্সিকান গণমাধ্যমের ২ হাজার ৬৫৭টি প্রতিবেদনে প্রকাশিত ৩ হাজার ১২৩টি ঘটনায় ৫ হাজার ৪৬৩ হতাহতের সংখ্যা বের করতে পেরেছে।
“এই কাজ অপরাধের পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে থাকা গল্পের সমাহারকে দেখায়, যে সমাহারে নিষ্ঠুরতা আর বেদনাগাঁথা উঠে আসে।
“পুঞ্জিভূত আতঙ্কের কবল থেকে আমাদের সক্ষমতাকে উদ্ধার করাই ছিল এই গবেষণার উদ্দেশ্য,” বিবৃতিতে বলেছে তারা।
তাদের এই গবেষণাটি পূর্ণাঙ্গ না হলেও এটি মেক্সিকোতে প্রতিদিন যে নৃশংসতা রেকর্ড হয় তার তীব্রতা ও সংখ্যার ওপর আলো ফেলেছে।
সংস্থাটির প্রতিবেদনে ২০২২ এর প্রথম ভাগে ৮৫৬টি নির্যাতনের খবর প্রকাশিত হওয়ার কথা জানানো হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। ‘ভয়াবহ নিষ্ঠুরভাবে’ নারী হত্যার খবর ৮৭ শতাংশ বেড়ে হয়েছে ৪১০টি।
কর্তৃপক্ষের বিরুদ্ধে কিংবা ব্যাপক ভিড়ের মধ্যে অপরাধী গোষ্ঠীগুলোর ‘ব্যাপক প্রভাব ফেলা’ সহিংসতা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনের সংখ্যা ২৫ থেকে ৭৫৬ শতাংশ বেড়ে হয়েছে ২১৪টি।
জনপরিসরে সংগঠিত অপরাধী গোষ্ঠীগুলোর কৃতকর্ম বেশি আলোচিত হলেও এই সহিংসতার বড় অংশই মূলত একক ব্যক্তি, পরিবার ও বিভিন্ন সম্প্রদায়ের মাধ্যমে সংঘটিত হয়েছে বলেও গবেষণায় উঠে এসেছে।
সহিংসতার এই সমস্যা মোকাবেলায় পুলিশের ভূমিকার পাশাপাশি জাতীয় পর্যায়ে এ নিয়ে সমাজতাত্ত্বিক ও বিশেষ মনোজাগতিক কাজ করা দরকার বলেও গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে।
যেদিন বেসরকারি সংস্থাটির এ প্রতিবেদন প্রকাশিত হয়, সেদিন মেক্সিকোর কংগ্রেসের নিম্নকক্ষে বেসামরিক নেতৃত্বাধীন ন্যাশনাল গার্ড বাহিনীকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে দেওয়ার একটি বিতর্কিত বিল নিয়ে তীব্র বিতর্কও হয়েছে।
এই বিল আইনে পরিণত হলে তা আইনশৃঙ্খলার সামরিকীকরণ করবে বলে সমালোচকরা সতর্ক করে আসছেন।
