দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সহযোগীর ইমেইল হ্যাক করল উত্তর কোরিয়া
প্রেসিডেন্টের ওই সহযোগী ব্যক্তিগত মেইল অফিসের কাজে ব্যবহারের সময় হ্যাকিং হয়।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োলের এক সহযোগীর ব্যক্তিগত ইমেইল হ্যাক করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বিবিসি-কে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে।
গত বছরের নভেম্বরে যুক্তরাজ্যে ইউন সুক-ইয়োলের রাষ্ট্রীয় সফরের সময় এ হ্যাকিংয়ের ঘটনা ঘটে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, প্রেসিডেন্টের ওই সহযোগী ব্যক্তিগত মেইল অফিসের কাজে ব্যবহারের সময় হ্যাকিং হয়।
দেশটির স্থানীয় একটি সংবাদপত্র সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট ইয়োলের ভ্রমণসূচি হাতিয়ে নিয়েছিল হ্যাকাররা।
কুকমিন ইলবো নামের ওই পত্রিকাটি জানিয়েছে, সহযোগীর ব্যক্তিগত মেইলে বেশ কয়েকটি বার্তা পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট নিজে। সেই বার্তাগুলোও চুরি গেছে।
তবে এ হ্যাকিংয়ের ঘটনায় কী ধরনের তথ্য চুরি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণের প্রেসিডেন্ট কার্যালয়।
উত্তর কোরিয়া এই প্রথম সফলভাবে দক্ষিণের প্রেসিডেন্টর কোনও ঘনিষ্ঠ সহযোগীর মেইল হ্যাক করেছে বলে মনে করা হচ্ছে। তবে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত আছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে বিবিসিতে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “দায়িত্বজ্ঞানহীন এক পরিচালক নিরাপত্তাবিধি ভেঙে ব্যক্তিগত কাজের জন্য অফিসিয়াল মেইল ব্যবহারে করায় এ সমস্যা ঘটেছে।”
সাধারণত, অর্থ ও তথ্য চুরি করতেই উত্তর কোরিয়া হ্যাকিং করে থাকে। দিনদিন তারা আরও সুক্ষ্মভাবে এই অপকর্ম করছে।
উত্তর কোরিয়ার ওপর পশ্চিমা বিশ্বের বিস্তর নিষেধাজ্ঞা আছে। দেশটির সাইবার হ্যাকাররা বিপুল অর্থ চুরি করে, প্রায়শই ক্রিপ্টোকারেন্সি আত্মসাৎ করে এবং দেশটির শাসকগোষ্ঠীকে পরমাণু অস্ত্র কর্মসূচিতে সাহায্য করে থাকে।
২০১৬ সাল থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার হ্যাকাররা ৩০০ কোটি ডলার চুরি করেছে বলে ধারণা করা হয়।
