টুথপেস্ট টিউবে মাদক চোরাচালান, ভিয়েতনামে গ্রেপ্তার ৬৫
গতমাসে প্যারিস থেকে হো চিমিন সিটিতে যাওয়া একটি ফ্লাইটে টুথপেস্ট টিউব-সহ ভিয়েতনাম এয়ারলাইন্সের চার কেবিন ক্রু ধরা পড়ার পর এ গ্রেপ্তারের ঘটনা ঘটল।
ভিয়েতনামে ৫০ কেজি মাদক চোরাচালানের জন্য পুলিশ ৬৫ জনকে গ্রেপ্তার করেছে। এই মাদকের কিছু টুথপেস্ট টিউবে লুকানো ছিল।
গতমাসে প্যারিস থেকে হো চিমিন সিটিতে যাওয়া একটি ফ্লাইটে হাতে বহন করা ব্যাগে টুথপেস্টের টিউব-সহ ভিয়েতনাম এয়ারলাইন্সের চার কেবিন ক্রু ধরা পড়ার পর এই গ্রেপ্তারের ঘটনা ঘটল।
ওই কেবিন ক্রুরা বলেছে, তাদেরকে ৬০ কেজি টুথপেস্ট পরিবহনের জন্য ভাড়া করা হয়েছিল। কিন্তু এসব টিউবের ভেতরে যে এক্সট্যাসি, কেটামাইন এবং কোকেইন আছে তা তাদের জানা ছিল না।
ভিয়েতনাম মাদক-পাচারের একটি প্রধান কেন্দ্র। যদিও দেশটিতে বিশ্বের সবচেয়ে কঠোর কিছু মাদক আইন বলবৎ আছে।
বিবিসি জানায়, ভিয়েতনাম এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালকরা যে ৩২৭ টি টুথপেস্ট টিউব পরিবহন করছিলেন সেগুলোর অর্ধেক টিউবই মাদক ভর্তি ছিল।
তদন্তকারীরা বলছেন, ওই ফ্লাইট পরিচালকরা টিউবের ভেতরে কি আছে তা জানতেন না। তারা বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।
পুলিশ এ সপ্তাহে জানিয়েছে, একই পথে ভিয়েতনামে মাদকের আরও ছয়টি চালান পাচার হওয়ার বিষয়টি নজরে আসার পর এগুলো চোরাচালানের সন্দেহে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই চালানগুলোও একই চোরাচালান চক্র পরিচালিত বলে অভিযোগ করা হয়েছে, যে চক্রটি এর আগে ফ্লাইট পরিচালকদের ভাড়া করেছিল।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ৬৫ জনের বিরুদ্ধে মাদক কেনা, বেচা, পরিবহন এবং মজুত করা সংক্রান্ত বিভিন্ন অভিযোগে তদন্ত চলছে।
পুলিশের ধারণা, চোরাচালানকারী ওই চক্রটি প্রায়ই ফ্রান্সে পড়তে যাওয়া কিংবা বাস করা ভিয়েতনামি নাগরিকদেরকে কাজে লাগিয়ে ভিয়েতনামে মাদক পাচার করে।
