২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে সমর্থকদের বিক্ষোভ বন্ধের ডাক দিলেন মুক্তাদা আল-সদর

ইরাকে সহিংস সংঘর্ষে প্রাণহানির পর প্রভাবশালী এই শিয়া নেতা তার সমর্থকদেরকে রাজধানীর গ্রিন জোনে বিক্ষোভ শেষ করতে একঘণ্টা সময় বেঁধে দেন।

রয়টার্স

Published : 30 Aug 2022, 08:11 PM

Updated : 30 Aug 2022, 08:11 PM

সহিংস সংঘর্ষে প্রাণহানির পর ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদর তার সমর্থকদেরকে রাজধানী বাগদাদের গ্রিন জোনে বিক্ষোভ শেষ করার আহ্বান জানিয়েছেন।

সংঘর্ষে অন্তত ২২ জনের প্রাণহানির জন্য ক্ষমা চেয়ে মঙ্গলবার সদর এ আহ্বান জানান।

তিনি তার অনুসারী একটি সশস্ত্র দলের সঙ্গে ইরান-সমর্থিত প্রতিদ্বন্দ্বী শিয়া মুসলিম দলগুলোর লড়াইয়ের নিন্দা করেছেন এবং বিক্ষোভস্থল ছেড়ে যাওয়ার জন্য অনুসারীদের এক ঘন্টা সময় দিয়েছেন।

টিভিতে সম্প্রচারিত বক্তব্যে আল-সদর বলেন, “এটি কোনও বিপ্লব নয়। কারণ, এতে শান্তিপূর্ণ বৈশিষ্ট্য বজায় নেই। ইরাকি রক্তক্ষয় নিষিদ্ধ।”

সদরের বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়েছে প্রায় দুপুর ২ টার দিকে। আর এর মধ্যেই সদরের অনুসারীদেরকে বাগদাদের কেন্দ্রস্থলে কড়া নিরাপত্তাধীন গ্রিন জোন ছেড়ে চলে যেতে দেখা গেছে।

সোমবার আল-সদর রাজনীতি ছেড়ে অবসরে যাওয়ার ঘোষণা দেওয়ার পরই তার অনুসারীরা এই গ্রিন জোনে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায় এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ২২ জন নিহতও হয়।

সদরের অনুসারীরা কয়েক সপ্তাহ ধরে ওই স্থানে ইরাকের পার্লামেন্টের কাছে অবস্থান নিয়ে ছিল। এই গ্রিন জোনেই ইরাকের মন্ত্রণালয়গুলোর সদরদপ্তর ও বিদেশি দূতাবাসগুলোর অবস্থান।

সোমবার রাতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক লড়াই প্রত্যক্ষ করেছে ইরাকের রাজধানী।