২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তি থাকলেও ইচ্ছা নেই: ইরান

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি স্থানীয় এক সংবাদ সংস্থায় দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন।

পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তি থাকলেও ইচ্ছা নেই: ইরান

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 01 Aug 2022, 09:31 PM

Updated : 01 Aug 2022, 09:31 PM

ইরানের হাতে পারমাণবিক বোমা বানানোর প্রযুক্তি থাকলেও এই বোমা তৈরির ইচ্ছা নেই। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি একথা বলেছেন।

স্থানীয় একটি সংবাদ সংস্থায় সোমবার এসলামির একটি সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। সেখানেই তিনি একথা বলেন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা কালাম খারাজি গত মাসে ঠিক একই ধরনের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ইরানের পরমাণু বোমা বানানোর সক্ষমতা আছে।

খারাজির মন্তব্যকে বিরল ইঙ্গিত বলে বিবেচনা করা হয়েছিল। তার মন্তব্যের ভিত্তিতে ধরে নেওয়া হয়েছিল, ইরানের হয়ত পরমাণু অস্ত্র তৈরির আগ্রহ আছে। যদিও ইরান সবসময় তাদের এই বোমা তৈরির কোনও ইচ্ছা নেই বলে দাবি করে এসেছে।

এ বিষয়ে এসলামি বলেন, ‘‘খারাজি বোঝাতে চেয়েছেন, ইরানে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা আছে, ইরানের হাতে সে প্রযুক্তি আছে। কিন্তু সেরকম কোনও প্রকল্প কর্মসূচিতে নেই।”

ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে ২০১৫ সালে বিশ্বের ছয় শক্তিধর দেশ ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সই করেছিল। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বের হওয়ে যাওয়ার পর সেটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে।

যুক্তরাষ্ট্র ছাড়া বাকি দেশগুলো চুক্তিটি অব্যাহত রাখতে চাইছে। যুক্তরাষ্ট্রে নতুন সরকার আসার পর তারা পুনরায় ওই চুক্তিতে ফেরার আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু এ নিয়ে কয়েক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত কোনও অগ্রগতি হয়নি।

ওদিকে, চুক্তির শর্ত এড়িয়ে ইরানও তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অনেক বাড়িয়ে দিয়েছে।

পরমাণু বোমা বানাতে ৯০ শতাংশের বেশি শুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন পড়ে। ইরান বর্তমানে ৬০ শতাংশের বেশি শুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করছে। অথচ, পরমাণু চুক্তি অনুযায়ী, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৩ দশমিক ৬৭ শতাংশের উপরে যাওয়ার কথা ছিল না।