২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে সাদা পোশাকেও থাকতে পারবে না ভারতীয় সেনা : মুইজ্জু

মালদ্বীপের তিন বিমানবন্দরের একটির দায়িত্ব নিতে ভারতীয় এক বেসামরিক দল দ্বীপরাষ্ট্রটিতে পৌঁছানোর এক সপ্তাহ না পেরোতেই প্রেসিডেন্ট মুইজ্জু এ বার্তা দিলেন।

মালদ্বীপে সাদা পোশাকেও থাকতে পারবে না ভারতীয় সেনা : মুইজ্জু

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2024, 08:10 PM

Updated : 05 Mar 2024, 08:10 PM

ভারতের বিরুদ্ধে আরেক দফা কড়া বার্তা দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। জানিয়ে দিলেন, আগামী ১০ মে’র পর উর্দিতে কোনও ভারতীয় সেনা কর্মকর্তা, এমনকী বেসামরিক নাগরিকের পরিচিতিতে সাদা পোশাক পরা একজন ভারতীয় সেনাও মালদ্বীপে থাকতে পারবে না।

মঙ্গলবার মালদ্বীপের গণমাধ্যমে একথা জানানো হয়েছে। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, মালদ্বীপের তিনটি বিমানবন্দরের মধ্যে একটির দায়িত্ব নিতে ভারতীয় একটি বেসামরিক দল দ্বীপরাষ্ট্রটিতে পৌঁছানোর পর এক সপ্তাহ না পেরোতেই প্রেসিডেন্ট মুইজ্জু এমন বার্তা দিলেন।

এর আগে ১০ মার্চ সময়সীমার মধ্যে ভারতীয় সেনা কর্মকর্তাদের প্রত্যাহারের বিষয়ে দুই দেশই একমত হয়েছে। সেই সময়সীমা পেরোনোর আগেই মুইজ্জুর নতুন এই বার্তা এল।

‘এডিশন ডট এমভি’ নিউজ পোর্টালের খবরে বলা হয়েছে, মালদ্বীপের বা অ্যাটল দ্বীপ সফরকালে প্রেসিডেন্ট মুইজ্জু বলেছেন, “ভারতীয় সেনাদের বিতাড়িত করতে সরকার সফল। আর সেকারণেই ভুয়া গুজব যারা ছড়ায়, তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারা রটানোর চেষ্টা করছে যে, ভারতীয় সেনারা চলে যাচ্ছে না, তারা উর্দি পাল্টে বেসামরিক পোশাকে ফিরে আসছে। এমন ধারণাকে প্রশয় দেওয়া উচিত নয়, যা আমাদের মনে সন্দেহ জাগায় এবং মিথ্যা ছড়ায়।”

“১০ মে’র পর মালদ্বীপে একজনও ভারতীয় সেনা থাকবে না। উর্দিতে কিংবা সাদা পোশাকে; কোনওভাবেই নয়। একথা আমি আস্থার সঙ্গেই বলছি”, বলেন মুইজ্জু।

গত ২ ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে দু’পক্ষের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছিল, ভারত ১০ মে’র মধ্যে মালদ্বীপে তিনটি বিমানবন্দরে থাকা ভারতীয় সেনাদের স্থানান্তর করবে এবং প্রক্রিয়ার প্রথম ধাপ ১০ মার্চের মধ্যে সম্পন্ন হবে।

গত ৫ ফেব্রুয়ারি পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণেও মুইজ্জু একই ধরনের মন্তব্য করেন।

দুটি হেলিকপ্টার ও একটি ডর্নিয়ার বিমান ব্যবহার করে মালদ্বীপের মানুষজনকে মানবিক ও চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য তিনটি ভারতীয় প্লাটফর্মে গত কয়েকবছর ধরেই কাজ করে আসছে ৮৮ জন ভারতীয় সেনা।

মুইজ্জু গত বছর ভারত-বিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসেন এবং শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার দাবি তুলেছিলেন।

মুইজ্জু চীনপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিত। সোমবার চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সামরিক চুক্তিও সই করে ফেলেছে মালদ্বীপ। এ চুক্তির আওতায় চীন মালদ্বীপকে নিঃশর্তে সামরিক সহায়তা করবে এবং এর জন্য দ্বীপরাষ্ট্রটিকে কোনও অর্থও ব্যয় করতে হবে না বলে ঠিক হয়েছে। এ চুক্তি সইয়ের দিনই মুইজ্জু ভারতকে কড়া বার্তা দিলেন।