২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া ইউক্রেইনে পারমাণবিক অস্ত্র মারলে ‘ধ্বংসাত্মক পরিণতির’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে বলেছিলেন, মস্কো তার ভূখণ্ড রক্ষায় যে কোনো ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে।

রাশিয়া ইউক্রেইনে পারমাণবিক অস্ত্র মারলে ‘ধ্বংসাত্মক পরিণতির’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

গণভোটের তৃতীয় দিনে একটি ভোটকেন্দ্রের সামনে দোনেৎস্কের কয়েক বাসিন্দা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 12:40 PM

Updated : 26 Sep 2022, 12:40 PM

মস্কো যদি ইউক্রেইনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে তাদের ‘ধ্বংসাত্মক পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন, জাপোরিঝিয়ায় গণভোটের ফল পক্ষে এলে ওই অঞ্চলগুলো রাশিয়ার পূর্ণাঙ্গ সুরক্ষা পাবে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এ মন্তব্যের পর রোববার ওয়াশিংটনের এই হুঁশিয়ারি এল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রুশ বাহিনী ও তাদের সমর্থকদের দখলে থাকা ইউক্রেইনের ৪ অঞ্চলে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার গণভোট রোববার তৃতীয় দিনের মতো চলেছে। মঙ্গলবার এই ভোট শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ফল ঘোষিত হবে।

ওই অঞ্চলগুলোর বেশিরভাগ বাসিন্দা রুশ ভাষাভাষী হওয়ায় গণভোটে মস্কোর পক্ষেই বিপুল জনরায় দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে। তেমনটা হলে, কয়েকদিনের মধ্যেই রাশিয়ার পার্লামেন্ট গণভোটের ওই ফলকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়ে অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নিতে পারে।

রুশ কর্মকর্তারা এরই মধ্যে কিইভ ও তার পশ্চিমা মিত্রদের সতর্ক করে বলেছেন, এই চারটি অঞ্চল যুক্ত হলে মস্কো সেগুলোকে নিজেদের ভূখণ্ড হিসেবেই দেখবে। সেক্ষেত্রে ওই অঞ্চলগুলেতে যে কোনো ধরনের আক্রমণ রাশিয়ার ওপর হামলা হিসেবে গণ্য হবে এবং তার প্রতিক্রিয়ায় সম্ভব সব পদক্ষেপই নেওয়া হতে পারে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান বলেছেন, ইউক্রেইনে রাশিয়ার যে কোনো ধরনের পারমাণবিক অস্ত্রের ব্যবহারে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া দেখাবে। সেক্ষেত্রে মস্কোকে ‘ধ্বংসাত্মক পরিণতির’ মুখে পড়তে হবে বলেও তিনি জোরের সঙ্গে বলেছেন।

“রাশিয়া যদি সীমা অতিক্রম করে, তাহলে তাদের ধ্বংসাত্মক পরিণতি হবে। যুক্তরাষ্ট্র চূড়ান্ত জবাব দেবে,” এনবিসির ‘মিট দ্য প্রেসে’ বলেছেন সুলিভান। 

এর আগে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়া তার ভূখণ্ড রক্ষায় যে কোনো ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে।

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পর শনিবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টের ওই মন্তব্যের বিশদ ব্যাখ্যা দেন ল্যাভরভ।

রুশ এ পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইউক্রেইনের ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর যুক্তি হিসেবে বলেছেন, কিইভে অবৈধ সরকার বসানো হয়েছে এবং এটি নিও-নাৎসিতে ভরপুর।

দখলে নেওয়া অংশের সুরক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, রাশিয়ার ভূখণ্ড, যার মধ্যে পরবর্তীতে রুশ সংবিধানে যুক্ত করে নেওয়া হবে এমন ভূখণ্ডও রাষ্ট্রের ‘পূর্ণাঙ্গ সুরক্ষার আওতায়’ থাকবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, যুক্তরাজ্য ও এর মিত্রদের পুতিনের হুমকিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত হবে না। পশ্চিমের প্রতিক্রিয়ার শক্তি সম্বন্ধে ধারণা না থাকায় পুতিন কৌশলগত ভুল করেছেন বলেও ভাষ্য তার।

“তার উল্টোপাল্টা কথা বা বানোয়াট হুমকিতে কান দেওয়া ঠিক হবে না আমাদের। এর বদলে, আমাদের দরকার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং ইউক্রেইনকে সহায়তা অব্যাহত রাখা,” রোববার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে সিএনএনকে এমনটাই বলেছেন ট্রাস।