জাপোরিজিয়ার হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নবজাতক নিহত
জাপোরিজিয়াতেই ইউক্রেইনের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। গত ফেব্রুয়ারিতে আগ্রাসনের শুরু থেকেই রাশিয়া সেখানে হামলা চালিয়ে আসছে।
ইউক্রেইনের দক্ষিণের জাপোরিজিয়া অঞ্চলে একটি হাসপাতালের মা ও শিশু বিভাগে রাশিয়ার ক্ষেপেণাস্ত্র হামলায় এক নবজাতক নিহত হয়েছে।
ক্ষেপণাস্ত্র হামলার সময় হাসপাতালের ওই অংশ একজন নারী তার নবজাতক সন্তানকে নিয়ে ছিলেন।
হামলার পর ওই নারী এবং একজন চিকিৎসককে ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে বলে ইউক্রেইনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানায় বিবিসি।
জাপোরিজিয়াতেই ইউক্রেইনের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। গত ফেব্রুয়ারিতে আগ্রাসনের শুরু থেকেই রাশিয়া সেখানে হামলা চালিয়ে আসছে।
জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রটি শুধু ইউক্রেইনের নয় বরং পুরো ইউরোপের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সেখানে রাশিয়ার বার বার হামলার কারণে পুরো ইউরোপ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
হামলার কারণে সেখানে থাকা ছয়টি পারমাণবিক চুল্লির কোনোটি ক্ষতিগ্রস্ত হয়ে যদি তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়ে তবে ইউরোপের জন্য তা বড় সংকটের কারণ হয়ে দাঁড়াবে। রাশিয়ার হামলার কারণে সেটির কার্যক্রম আপাতত বন্ধ আছে।
মঙ্গলবার রাতে যে হাসপাতালটিতে হামলা হয়েছে সেটি ভিলনিয়ানস্ক শহরে অবস্থিত। জাপোরিজিয়ার যে এলাকায় যুদ্ধ চলছে ভিলনিয়ানস্ক শহরের অবস্থান তার খুব কাছে। শহরটি এখনও ইউক্রেইনের সেনাবাহিনীর দখলে।
গত সেপ্টেম্বরে রাশিয়া ইউক্রেইনের যে চারটি অঞ্চল নিজেদের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দিয়েছিল জাপোরিজিয়া তার একটি।
এছাড়া খারকিভ অঞ্চলে একটি আবাসিক ভবনে বুধবার ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হন। খারকিভ অঞ্চলও রাশিয়া নিজেদের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা করেছিল। পরে ইউক্রেইন সেনারা সেটি পুনঃদখল করে।
