২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থের বিনিময়ে যৌনতাপূর্ণ ছবি: বিবিসি’র উপস্থাপক বরখাস্ত

ওই টিনেজারের পরিবার থেকে গত মে মাসে বিবিসির কাছে এ সংক্রান্ত অভিযোগ করা হয়।

অর্থের বিনিময়ে যৌনতাপূর্ণ ছবি: বিবিসি’র উপস্থাপক বরখাস্ত

ছবি: বিবিসি থেকে নেওয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 01:15 AM

Updated : 10 Jul 2023, 01:18 AM

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র একজন প্রভাবশালী উপস্থাপকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে তিন বছর ধরে এক টিনেজারের কাছ থেকে তার যৌনতাপূর্ণ ছবি ও ভিডিও নেওয়ার অভিযোগে হইচই শুরু হওয়ার পর ওই উপস্থাপককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তবে ওই উপস্থাপকের নাম প্রকাশ করেনি বিবিসি।

টিনেজারের মা যুক্তরাজ্যের পত্রিকা ‘দ্য সান’ কে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ তোলেন। দ্য সান শুক্রবার প্রথম এই সংক্রান্ত খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, বিবিসি-র ওই উপস্থাপক যৌনতাপূর্ণ ছবির জন্য তিন বছর ধরে ওই টিনেজারকে প্রায় ৩৫ হাজার পাউন্ড দিয়েছেন।

সান পত্রিকার কাছে টিনেজারের মা দাবি করেন, তার ছেলে বিবিসি-র উপস্থাপকের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে কোকেন সেবন করত এবং কোকেনে আসক্ত হয়ে পড়ে। তার বয়স এখন ২০ বছর। ঘটনার শুরুর সময় তার বয়স ছিল ১৭।

উপস্থাপকের কাছ থেকে যদি অর্থ আসতে থাকে তবে তা তার সন্তানকে ‘মৃত্যুর মুখে ঠেলে দেবে বলেও শনিবার সানে প্রকাশিত খবরে আশঙ্কা প্রকাশ করেন ওই নারী।

সানের খবরে আরো বলা হয়, গত ১৯ মে ওই টিনেজারের পরিবার প্রথম বিবিসি’র কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করে।

এরপরও বিবিসি-র ওই উপস্থাপককে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপন করতে দেখে তিনি ‘অসুস্থ বোধ করেছেন’ বলে ‘দ্য টেলিগ্রাফ’কে জানান ওই মা। নিজের সন্তানের ‘জীবন ধ্বংস করে দেওয়ার জন্য’ তিনি ওই উপস্থাপককে দায়ী করেন।

এ নিয়ে হইচই শুরু হলে বিবিসি-র উপর চাপ সৃষ্টি হয়। পরে শনিবার বিবিসি-র পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘‘আমরা আমাদের পুরুষ ওই কর্মীকে সাময়িকভাবে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করছি।

“বিবিসি যে কোনও অভিযোগকে গুরুত্ব সহকারে নেয় এবং এ ধরনের অভিযোগকে সক্রিয়ভাবে মোকাবেলা করার জন্য আমাদের শক্তিশালী অভ্যন্তরীন প্রক্রিয়া রয়েছে।

“এটি একটি জটিল এবং দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং বিবিসি যথাসম্ভব দ্রুততার সঙ্গে সত্য খুঁজে বের করে পরবর্তীতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এ বিষয়গুলো ন্যায়সঙ্গতভাবে এবং যত্ন সহকারে পরিচালিত হওয়া গুরুত্বপূর্ণ।”

যুক্তরাজ্যে ‘প্রোটেকশন অব চিল্ড্রেন অ্যাক্ট ১৯৭৮’ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কারো অশ্লীল ছবি তোলা, ছবি আঁকা এবং তা কাছে রাখা বা বিনিময় করা দণ্ডনীয় অপরাধ। যার সর্বোচ্চ সাজা ১০ বছরের কারাদণ্ড।

এমনকী, ১৮ বছরের কম বয়সী কেউ তাদের ছবি তোলার অনুমতিও দিতে পারে না। এজন্য অভিভাবকের অনুমতির প্রয়োজন পড়ে।

১৬ ও ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের যৌন নিগ্রহের শিকার হওয়া থেকে রক্ষা করতে গত কয়েক বছরে এই আইন আরও কঠোর হয়েছে এবং তার বাস্তবায়ন নিশ্চিত করা হয়েছে।