১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাইটানিকের কাছে মিলেছে ধ্বংসস্তূপ: ‍যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড

বৃহস্পতিবার সকালে টাইটানের ‍খোঁজে একটি রিমোটলি অপারেটেড ভেহিক্যাল বা আরওভি আটলান্টিকের তলদেশে পৌঁছায়।

টাইটানিকের কাছে মিলেছে ধ্বংসস্তূপ: ‍যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 10:23 PM

Updated : 22 Jun 2023, 10:51 PM

হারিয়ে যাওয়া ডুবোযান টাইটানের খোঁজে আটলান্টিক মহাসাগরের তলদেশে নামা একটি রোবটযান টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে কিছু ধ্বংসস্তূপ সনাক্ত করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।

বিবিসি জানায়, ঘটনাস্থলে থাকা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা (ইউনিফাইড কমান্ড) রোবটযানের পাঠানো তথ্য মূল্যায়ন করে দেখছেন।

এ বিষয়ে বিস্তারিত আরো তথ্য জানাতে স্থানীয় সময় বিকাল ৩টার দিকে (২০:০০ বিএসটি) যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বস্টনে ইউএস কোস্ট গার্ড ঘাঁটিতে ওই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন।

কানাডার কাছে আটলান্টিক মহাসাগরে পানির নিচে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যটকদের দেখাতে গত রোববার ডুব দেয় ডুবোযান টাইটান। ডুব দেওয়ার পৌনে দুই ঘণ্টার মাথায় টাইটানের সঙ্গে পানির ওপরে থাকা নিয়ন্ত্রক জাহাজ পোলার প্রিন্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ডুবোযানটিতে মোট পাঁচজন আরোহী আছেন। হিসাব মতে বৃহস্পতিবার সকালের মধ্যে ডুবোযানটিতে সংরক্ষিত অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কথা।

বৃহস্পতিবার সকালে টাইটানের ‍খোঁজে একটি রিমোটলি অপারেটেড ভেহিক্যাল বা আরওভি আটলান্টিকের তলদেশে পৌঁছায়।

পানির তলদেশে চলাচলে সক্ষম ওই রোবটযানটি কানাডার জাহাজ হরিজন আর্কটিক থেকে পরিচালনা করা হচ্ছে।

১৯১২ সালে ইংল্যান্ডের নিউ সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথম যাত্রায় বিশাল আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল তখনকার সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ টাইটানিক, প্রাণ গিয়েছিল দেড় হাজার মানুষের।

দুটুকরো হয়ে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষটি রয়েছে আটলান্টিকের ৩ হাজার ৮০০ মিটার নিচে। ১৯৮৫ সালে ওই ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। আটলান্টিক মহাসাগরের এ এলাকাটি কানাডার নিউফাউন্ডল্যান্ডের সেইন্ট জোন্স থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে।

পুরানো খবর:

টাইটানের খোঁজে সমুদ্রের তলদেশে পৌঁছেছে রোবটযান

পুরানো খবর:

টাইটানকে খুঁজতে যাচ্ছে ভিক্টর ৬০০০

পুরানো খবর:

ডুবোযান টাইটানের খোঁজ: নতুন শব্দ শনাক্ত, তল্লাশি এলাকা সম্প্রসারণ

পুরানো খবর:

নিখোঁজ টাইটান: আরোহীরা যেসব স্বাস্থ্য ঝুঁকির ‍মুখোমুখি হতে পারেন