১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাইটানের খোঁজে সমুদ্রের তলদেশে পৌঁছেছে রোবটযান

উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় ২৬ হাজার বর্গকিলোমিটারজুড়ে ও পানির আড়াই মাইল গভীরতা পর্যন্ত ডুবোযানটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

টাইটানের খোঁজে সমুদ্রের তলদেশে পৌঁছেছে রোবটযান

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 09:13 PM

Updated : 22 Jun 2023, 09:13 PM

ডুবোযান টাইটানের খোঁজে সমুদ্রের তলদেশে পৌঁছেছে একটি রিমোটলি অপারেটেড ভেহিক্যাল বা আরওভি।

পানির তলদেশে চলাচলে সক্ষম ওই রোবটযানটি কানাডার জাহাজ হরিজন আর্কটিক থেকে পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।

ভিক্টর ৬০০০ নামে আরেকটি রোবটযান সমুদ্রের তলদেশে পাঠানো হয়েছে। ফ্রান্সের গবেষণা জাহাজ আতালন্ত থেকে সেটি পরিচালনা করা হচ্ছে।

কানাডার কাছে আটলান্টিক মহাসাগরে পানির নিচে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যটকদের দেখাতে গত রোববার ডুব দেওয়া ডুবোযান টাইটানের খোঁজ এখনও মেলেনি।

ওই ডুবোযানটি ওশেনগেইট নামে একটি পর্যটন সংস্থার। তারা আগেই জানিয়েছিল, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাতের (১০.০০ জিএমটি) পর টাইটানের পাঁচ আরোহীর নিঃশ্বাস নেওয়ার মতো আর কোনো অক্সিজেন যানটিতে থাকবে না।

Image

ছবি: বিবিসি

সে সময় পেরিয়ে গেছে। কিন্তু এখনো ডুবোযানটির অবস্থান সনাক্ত করা সম্ভব হয়নি।

শুরুতে আটলান্টিক মহাসাগরের প্রায় দুই হাজার কিলোমিটার এলাকা জুড়ে ডুবোযানটি খোঁজা হচ্ছিল। পরে তল্লাশি এলাকার বিস্তার বাড়ানো হয়েছে।

এখন উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় ২৬ হাজার বর্গকিলোমিটারজুড়ে ও পানির আড়াই মাইল গভীরতা পর্যন্ত ডুবোযানটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

টাইটানের আরোহীদের বেঁচে থাকার আশা সময়ের সঙ্গে সঙ্গে ফুরিয়ে আসতে শুরু করলেও তাদের উদ্ধারের আশা এখনো ছেড়ে দেওয়া হয়নি। বরং উদ্ধার কার্যক্রমের গতি আরো বাড়ানো হয়েছে। বিভিন্ন দেশ নিজেদের হাতে থাকা আধুনিক প্রযুক্তি নিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তায় এগিয়ে আসছে।

Image

ছবি: বিবিসি

যুক্তরাজ্য তাদের একটি রয়্যাল নেভি সাবমেরিন এবং বেশকিছু যন্ত্রপাতি পাঠানোর ঘোষণা দিয়েছে। শিগগির সেগুলো রওয়ানা হবে।

পুরানো খবর:

টাইটানকে খুঁজতে যাচ্ছে ভিক্টর ৬০০০

পুরানো খবর:

ডুবোযান টাইটানের খোঁজ: নতুন শব্দ শনাক্ত, তল্লাশি এলাকা সম্প্রসারণ

পুরানো খবর:

নিখোঁজ টাইটান: আরোহীরা যেসব স্বাস্থ্য ঝুঁকির ‍মুখোমুখি হতে পারেন