রাশিয়ার তেলবাহী ট্যাংকারে ‘ভুল করে হামলা হুতিদের’
ইয়েমেনের বন্দর শহর এডেন থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণপূর্বে থাকা জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল।
ইয়েমেনের হুতিরা ‘ভুল করে’ রাশিয়ার তেলবাহী একটি ট্যাংকার লক্ষ্য করে হামলা চালিয়েছিল, কিন্তু তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি ৪০০ থেকে ৫০০ মিটার দূরে গিয়ে পড়ে।
শুক্রবার ইয়েমেনের বন্দর শহর এডেন থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণপূর্বে থাকা জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল, এমন একটি প্রতিবেদন পাওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) ।
এক উপদেশমূলক নোটে ইউকেএমটিও বলেছে, “জাহাজটির মাস্টার ৪০০-৫০০ মিটার দূরে পানিতে একটি ক্ষেপণাস্ত্র পড়ার কথা জানিয়েছেন। এরপর জাহাজটিকে তিনটি ছোট জলযান অনুসরণ করেছিল।”
তবে এ ঘটনার কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জনিয়েছে তারা।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, “এই নিয়ে হুতিরা দ্বিতীয়বারের মতো রাশিয়ার তেলবাহী একটি জাহাজকে ভুল করে লক্ষ্যস্থল করল। পানামার পতাকাবাহী ট্যাংকারটি আন্তর্জাতিকভাবে প্রস্তাবিত ট্রানজিট করিডোর দিয়ে পূর্ব মুখে যাওয়ার সময় তিনটি নৌকা দেখেছে।“
ট্যাংকারটির সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক আছে, প্রচলিত এমন পুরনো তথ্যের ওপর নির্ভর করার কারণে হুতিরা ‘ভুলটি করেছে’ বলে ধারণা অ্যামব্রের।
তারা বলেছে, “এই তথ্য পাঁচ মাসের পুরনো হলেও এখনও যুক্তরাজ্যের সরকারি সামুদ্রিক তথ্যভাণ্ডারে এর নাম অন্তর্ভুক্ত আছে।”
১৯ নভেম্বর থেকে ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে পশ্চিমা বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে একের পর এক বিস্ফোরকবাহী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে; এর মাধ্যমে তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ করছে বলে দাবি ইরান সমর্থিত গোষ্ঠীটির।
গত দুই রাতে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক লক্ষ্যে বিমান ও সাগর থেকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। লোহিত সাগরে হুতিদের হামলার সক্ষমতা হ্রাস করতে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।
ইরান ও প্রধান আরব রাষ্ট্রগুলোর মিত্র রাশিয়া ইয়েমেনে যুক্তরাষ্ট্র, ব্রিটেনের হামলার নিন্দা করেছে। বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের ডাক দিয়েছে মস্কো।
আরও পড়ুন:
