Published : 06 Feb 2024, 09:39 AM
ফেরির এক যাত্রীর মৃত্যুর ঘটনা নিয়ে টিভিতে করা এক মন্তব্যের জন্য সমালোচনার মুখে পদত্যাগ করেছেন গ্রিসের নৌ-পরিবহন মন্ত্রী মালতিয়াদিস ভারভিতসিওতিস।
ওই যাত্রী দেরি করে পৌঁছনোয় ফেরির এক কর্মী তাকে ধাক্কা দিয়ে সাগরে ফেলে দেয় বলে অভিযোগ আছে। গত সপ্তাহে বেসরকারি এক টিভিতে সাক্ষাৎকারে নৌপরিবহনমন্ত্রী মালতিয়াদিস ফেরির কর্মীদের সমর্থনে কথা বলেছিলেন এবং তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তারপরই তার বক্তব্য নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। গ্রিক পত্রপত্রিকাগুলো তার বক্তব্য খুবই দুঃখজনক আখ্যা দেয়। এরপরই মন্ত্রী পদত্যাগ করলেন।
তবে তিনি দাবি করেছেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। মৃত্যুর শিকার হওয়া ব্যক্তি এবং অপরাধীকে কোনোভাবেই এক কাতারে ফেলেননি জানিয়ে তিনি বলেন, ওই যাত্রীর মারা যাওয়ার ঘটনা সবাইকেই স্তম্ভিত করেছে।
এথেন্সের পিরেয়াস বন্দরে ওই ফেরিযাত্রীর মৃত্যুর ঘটনায় ফেরিটির ক্যাপ্টেন ও তিন কর্মীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে। মৃত্যুর ঘটনাটি গ্রিসে ক্ষোভ সঞ্চার করেছে।
স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে ধরা পড়েছে যাত্রীর সঙ্গে ঘটা ঘটনার দৃশ্য। তাতে দেখা গেছে, ফেরিটি যাত্রার প্রস্তুতি নেওয়ার সময় ৩৬ বছর বয়সী ওই যাত্রী ফেরির লোডিং র্যাম্পে দৌড়াচ্ছেন। আর সেখানকার ক্রুরা তাকে ফেরিতে উঠতে বাধা দেওয়ার চেষ্টা করছে। ওই যাত্রী তখন ক্রুদেরকে ঠেলে বেরিয়ে যাওয়ার চেষ্টার সময় ক্রুরা তাকে ধাক্কা দিয়ে র্যাম্প থেকে সরাতে গেলে তিনি সাগরে পড়ে যান। পরে পানি থেকে উদ্ধার করা হয় তার দেহ। সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)