এমি মনোনীত মার্কিন সাংবাদিক অঙ্গদ সিংকে ভারতে ঢুকতে বাধা
এমি পুরস্কারের তালিকায় নাম ওঠা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক অঙ্গদ সিংকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।
ভারতে কৃষক বিক্ষোভ, নাগরিকত্ব সংশোধনী আইন বরোধী আন্দোলন নিয়ে তথ্যচিত্র তৈরি এবং বিপর্যয়কর কোভিড পরিস্থিতি নিয়ে কাজ করে এমি পুরস্কারের তালিকায় নাম ওঠা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক অঙ্গদ সিংকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ভারতের রাজধানী দিল্লির বিমানবন্দরে নামার কয়েকঘণ্টা পরই তাকে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার ফ্লাইট ধরানো হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। পাঞ্জাবে পরিবারের সঙ্গে দেখা করতেই ভারতে গিয়েছিলেন অঙ্গদ।
কেন তাকে ভারতে ঢুকতে দেওয়া হল না, তা নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
অঙ্গদের মা বিবিসি-কে বলেছেন, বিমানবন্দরে নামার পরই ছেলের কাছ থেকে বার্তা পেয়েছিলেন তিনি। এর প্রায় ১৫ মিনিট পর অঙ্গদ আরেকটি বার্তা পাঠিয়ে জানান, অভিবাসন কর্মকর্তারা তার পাসপোর্ট জব্দ করেছে। এরপরই অঙ্গদকে ফেরত পাঠানো হয়।
অঙ্গদ সিং বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকছেন। সেখানকার গণমাধ্যম ‘ভাইস নিউজ’ এ তথ্যচিত্র তৈরির কাজ করেন তিনি। অঙ্গদের পরিবারের দাবি, দিল্লির শাহীনবাগের প্রতিবাদ-বিক্ষোভ নিয়ে তৈরি তথ্যচিত্রের জন্যেই তার উপর রুষ্ট ছিল কেন্দ্র সরকার।
মোদী সরকারের আনা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর প্রতিবাদে ২০১৯ সালের শেষ দিকে শাহীনবাগে শুরু হয়েছিল প্রতিবাদ আন্দোলন। সেই অবস্থান বিক্ষোভ নিয়েই তথ্যচিত্র তৈরি করেছিলেন সাংবাদিক অঙ্গদ সিং।
এছাড়া, ভারতের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন এবং কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে ভারতের বিপর্যয়কর পরিস্থিতি নিয়েও অঙ্গদ তথ্যচিত্র তৈরি করেছেন। কোভিড বিপর্যয় নিয়ে তৈরি তথ্যচিত্রটিই পরে অঙ্গদকে এমি পুরস্কারের জন্য মনোনয়ন এনে দেয়।
তাকে ভারতে ঢুকতে না দেওয়ায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে তার পরিবার। অঙ্গদের মা ফেইসবুকে লিখেছেন, “তার নির্ভীক সাংবাদিকতায় ভারত সরকার ভয় পেয়েছে।”
