২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নবীকে নিয়ে কটূক্তি, ভারতে বিজেপি বিধায়ক গ্রেপ্তার

তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদে ভারতীয় জনতা পার্টির বিধায়ক রাজা সিংয়ের মন্তব্যের জেরে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে।

নবীকে নিয়ে কটূক্তি, ভারতে বিজেপি বিধায়ক গ্রেপ্তার

ছবি:ফেইসবুক/বিবিসি

নিউজ ডেস্ক

Published : 25 Aug 2022, 10:47 PM

Updated : 25 Aug 2022, 10:47 PM

নবী মোহাম্মদ (সাঃ) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেপ্তার হয়েছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তেলেঙ্গানা রাজ্যের বিধায়ক ঠাকুর রাজা সিং।

তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে রাজা সিংয়ের মন্তব্যের জেরে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে।

দুইবারের বিধায়ক রাজা সিং অতীতেও ‍নানা সময়ে ইসলাম বিদ্বেষী মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। যে কারণে দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তাকে নিষিদ্ধ করেছিল বলে জানায় বিবিসি।

সম্প্রতি ভারতে ইসলাম বিদ্বেষী নানা বক্তব্য, বিশেষ করে বিজেপি নেতাদের করা নানা মন্তব্যের কারণে দেশটির সংখ্যালঘু মুলসমানরা নানা সময়ে বিক্ষোভ দেখিয়েছেন।

দুই মাস আগে বিজেপির ওই সময়ের মুখপাত্র নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের কারণে দেশের বাইরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি দারুণভাবে সমালোচিত হয়েছিল। মধ্যপ্রচ্যের দেশগুলোতে ভারতীয় পণ্য বয়কটের ডাক উঠেছিল।

অবস্থা বেগতিক দেখে বিজেপি সরকার নুপূর শর্মাকে দল থেকে বহিষ্কার করে। রাজ সিংকেও দ্রুত দল থেকে বরখাস্ত করা হয়েছে এবং একটি নোটিস পাঠিয়ে কেন তাকে দল থেকে বহিষ্কার করা হবে না তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রাজা সিংয়ের বক্তব্য নিয়ে বিজেপির পক্ষ থেকে বলা হয়, তার মন্তব্য একান্তই তার নিজস্ব এবং তা বিজেপি’র দলীয় অবস্থানের বিপরীতে।

বিবিসি জানায়, রাজা সিংকে প্রথমে গত মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু আইনগত জটিলতার কারণে একটি আদালত তাকে জামিনে মুক্তি দেন।

রাজা সিং জামিনে ছাড়া পাওয়ার পর বিক্ষোভকারীরা আবার ফুঁসে উঠলে পুলিশ তাদের ধৈর্য ধরে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, তারা তাকে পুনরায় গ্রেপ্তারের উপায় খুঁজে পেতে কাজ করছে।

কিন্তু বিক্ষোভকারীরা পুলিশের কথায় আস্বস্ত হতে পারেনি। তারা বিক্ষোভ অব্যহত রাখে।

বিবিসি জানায়, বুধবার রাতেও মুসলিম বিক্ষোভকারীদের একটি বড় দল নগরীর কিছু অংশ প্রদক্ষিণ করে। তারা স্লোগান দেয়, পাথর ছোড়ে এবং রাজা সিংয়ের কুশপুত্তলিকা দাহ করে। অনেক বিক্ষোভকারী রাজা সিংয়ের পোস্টারে জুতার বাড়ি মারে এবং তার গ্রেপ্তারের দাবি জানায়।

পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার সকালেও নগরীতে থমথমে অবস্থা বিরাজ করেছে।

যেসব এলাকায় আগের রাতে বিক্ষোভ হয়েছে সেসব এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। কোথাও কোথাও স্কুল, দোকান-পাঠ এবং জ্বালানি পাম্প বন্ধ রাখা হয়েছে।