‘লক্ষ্যমাত্রা’ ছাড়িয়ে ৮% প্রবৃদ্ধির পথে ভিয়েতনাম
চলতি বছর দেশটির রপ্তানি সাড়ে ৯ শতাংশ বেড়ে ৩৬ হাজার ৮০০ কোটি ডলারে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে।
প্রাথমিকভাবে ৬ থেকে সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকলেও সেই ‘টার্গেট’ ছাড়িয়ে ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি বছর ৮ শতাংশ হবে বলে প্রত্যাশা করছে দেশটির সরকার।
মঙ্গলবার এক বিবৃতিতে তারা এ প্রত্যাশার কথা জানায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কমিউনিস্ট পার্টিশাসিত দেশটির সরকারের ওই বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছর তাদের রপ্তানি সাড়ে ৯ শতাংশ বেড়ে ৩৬ হাজার ৮০০ কোটি ডলারে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে।
সরাসরি বিদেশি বিনিয়োগের প্রবাহও ৬ দশমিক ৪ শতাংশ থেকে ১১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বেড়ে দুই হাজার ১০০ থেকে দুই হাজার ২০০ কোটি ডলারে দাঁড়াতে পারে, বলেছে তারা।
মহামারীর ধাক্কা সামলে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো আঞ্চলিক নির্মাণ হাব ভিয়েতনামে এ বছরের তৃতীয় ত্রৈমাসিকে মোট দেশজ পণ্যের পরিমাণ আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে।
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে বছরের বাকি সময়ও দেশটি ‘নমনীয় ও দূরদর্শী’ মুদ্রা নীতি অনুসরণ করবে, জানিয়েছে দেশটির সরকার।
আগামী বছরের লক্ষ্য হবে প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ এবং মুদ্রাস্ফীতি সাড়ে ৪ শতাংশের মধ্যে রাখা, বলেছে তারা।
