স্পেনে বাদুরের গুহায় ইউরোপের সবচেয়ে প্রাচীন পাদুকার সন্ধান
গুহায় কম আর্দ্রতা ও ঠাণ্ডা বাতাসে বেশ ভালোভাবে সংরক্ষিত ছিল সামগ্রীগুলো।
ইউরোপের সবচেয়ে প্রাচীন পাদুকার সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা, প্রায় ৬ হাজার বছরের পুরনো ঘাস বুনে তৈরি করা সেই স্যান্ডেল পাওয়া গেছে স্পেনের একটি বাদুরের গুহায়।
আন্দালুসিয়ার ওই গুহায় প্রাচীন কিছু জিনিসপত্রের সঙ্গে স্যান্ডেলগুলোও ছিল। ঊনবিংশ শতকে খনিজীবীরা এগুলো লুট করেছিলেন। কিন্তু সম্প্রতি সেগুলো নিয়ে নতুন করে গবেষণা হয়েছে।
গুহায় কম আর্দ্রতা ও ঠাণ্ডা বাতাসে বেশ ভালোভাবে সংরক্ষিত ছিল সামগ্রীগুলো। সেখানে পাওয়া কয়েকটি ঝুড়ি ও অন্যান্য সরঞ্জামও পরীক্ষা করে দেখেছেন গবেষকরা।
এই গবেষণায় যুক্ত বিজ্ঞানী মারিয়া হেরেরো ওতাল বলেছেন, “এই বস্তুগুলো ইউরোপের দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত জানা সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত উদ্ভিদের তন্তু দিয়ে বোনা উপকরণ। প্রাযুক্তিক বৈচিত্র্য ও কাঁচামালের ব্যবহার প্রাগৈতিহাসিক সম্প্রদায়গুলোর কারিগরি দক্ষতাকে তুলে ধরেছে।”
সময়সীমা বের করার নুতন পদ্ধতি ব্যবহার করার পর দেখা যায় ওই গুহায় পাওয়া ৭৬টি প্রত্নবস্তুর বয়স আগে যা ভাবা হয়েছিল, তার চেয়ে ২০০০ বছর বেশি, আর কিছু বস্তু ৯০০০ বছর পুরনো।
স্যান্ডেলগুলো পরীক্ষা করে দেখা গেছে, সেগুলো তৈরি করতে আলাদা আলাদ ধরনের ঘাস ব্যবহার করা হয়েছে, তবে চামড়া ও চুনের মত উপকরণও মিলেছে।
এগুলো নব্যপ্রস্তর যুগের বলে গবেষকদের ধারণা। ২০০৮ সালে আর্মেনিয়ার একটি গুহায় ৫৫০০ বছরের পুরনো কিছু চামড়ার জুতা পাওয়া গিয়েছিল, এর আগে সেগুলোকেই সবচেয়ে পুরনো বলে বিবেচনা করা হত।
গবেষকরা জানান, ১৮৩১ সালে এক ব্যক্তি জমিতে সার হিসেবে ব্যবহারের জন্য বাদুরের মল সংগ্রহ করতে আন্দালুসিয়ার ওই গুহায় প্রবেশ করেন। এর দুই দশকের মধ্যে খনিজীবীরা এই গুহাটি ব্যবহার করা শুরু করেন।
তারা খনন করতে গিয়ে একটি গ্যালারি পান যা আংশিক মমিকৃত মৃতদেহ, কাঠের তৈরি জিনিসপত্র, বন্য শূকরের দাঁত ও ভিন্ন ধরনের একটি সোনার মুকুট দিয়ে সাজানো ছিল। সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
