Published : 02 Jan 2024, 08:53 PM
ভূমিকম্পের কেন্দ্র ছিল জাপানের নোতো উপদ্বীপে। ওইদিন আরো ৬০ বারের বেশি পরঘাত অনুভূত হয়। যেগুলোর মাত্রা ছিল ৩ থেকে ৬ দশমিক ১ এর মধ্যে।
ভূমিকম্পের পর জাপান সমুদ্র উপকূলে বড় ধরণের সুনামির সতর্কতা জারি হয়। উপকূলের কাছে বসবাস করা লোকজন বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে।
ভূমিকম্পের পর যত বড় সুনামির সতর্কতা জারি করা হয়েছিল তত বড় সুনামি না হলেও উপকূলীয় এলাকায় কোথাও কোথাও ছোট আকারে সুনামি হয়েছে এবং সমুদ্র থেকে বিশাল ঢেউ উঠে এসে গাড়ি এবং বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে।
ভূমিকম্পে অন্তত ৪৮ জনের মৃত্যুর খবর মঙ্গলবার নিশ্চিত করেছে জাপান কর্তৃপক্ষ। এখনো ধ্বংসস্তুপের নিচে লোকজন চাপা আছে বলে ধারণা করা হচ্ছে। তাই হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
অগ্রাধিকার ভিত্তিতে ভূমিকম্প দুর্গতদের উদ্ধার কাজ চলার মধ্যেই রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে ঘটে যায় ভয়াবহ আরেক দুর্ঘটনা।
হানেদা বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে কোস্টগার্ডের একটি ছোট এয়ারক্র্যাফ্টের সংঘর্ষে দুইটি আকাশযানেই আগুন ধরে যায়।
জাপান এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে ৩৭৯ জন আরোহী ছিলেন। আগুন পুরো উড়োজাহাজে ছড়িয়ে পড়লেও সৌভাগ্যক্রমে যাত্রী এবং ক্রুদের সবাইকে জীবিত বের করে আনা সম্ভব হয়।