ত্রয়োদশ হাইনরিখ: ‘কাইজার’ হতে অভ্যুত্থানচেষ্টার অভিযোগ যে প্রিন্সের বিরুদ্ধে
রিয়েল এস্টেট ব্যবসায়ী হাইনরিখ বছরের পর বছর ধরে প্রকাশ্যেই রাজারাজড়াদের আমলে বিশ্বজুড়ে লোকজন ভালো ছিল এমন তত্ত্বের প্রচার চালিয়ে যাচ্ছিলেন।
একসময় পূর্ব জার্মানির বিশাল অংশ শাসন করা রাজবংশের শেষ উত্তরাধিকারদের একজন ত্রয়োদশ হাইনরিখ যুবরাজ রয়েস সহিংস অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে উৎখাত করে জার্মানির নতুন নেতা বা ‘কাইজার’ হওয়ার আশায় ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
বুধবার দেশব্যাপী অভিযান চালিয়ে ৭১ বছর বয়সী এ যুবরাজসহ কট্টর ডানপন্থি একটি গোষ্ঠীর ২৫ সদস্যকে গ্রেপ্তারের কথা জানায় জার্মান কর্তৃপক্ষ; গ্রেপ্তারকৃতরা দেশের শাসনকাঠামো বদলে ফেলার ছক কষছিলেন বলেও অভিযোগ তাদের।
রিয়েল এস্টেট ব্যবসায়ী হাইনরিখ বছরের পর বছর ধরে প্রকাশ্যেই রাজারাজড়াদের আমলে বিশ্বজুড়ে লোকজন ভালো ছিল এমন তত্ত্বের প্রচার চালিয়ে যাচ্ছিলেন। তিনি হাউজ অব রয়েসের উত্তরাধিকার, যারা এখনকার থুরিনজেন রাজ্যের বিশাল অংশ কয়েকশ বছর ধরে শাসন করেছে; ১৯১৮ সালের বিপ্লবে ভাইমা প্রজাতন্ত্র গঠিত হলে তাদের শাসনের অবসান ঘটে।
রয়েসের এ যুবরাজকে আটকের ঘটনায় তার কার্যালয় বা হাউজ অব রয়েসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তিনি ২০১৯ সালে ওয়ার্ল্ড ওয়েব ফোরামে দেওয়া এক ভাষণে বলেছিলেন, রয়েস আমলে নীতিগতভাবে লোকজন সুখী জীবনযাপন করতো, কেননা তখন কর ছিল মাত্র ১০ শতাংশ এবং ক্ষমতাকাঠামো ছিল ‘সোজাসাপটা ও স্বচ্ছ’।
“যদি কোনো ঝামেলা হতো, আপনি প্রিন্সের কাছে যেতে পারতেন। এখন আপনি কার কাছে যাবেন? আপনার সাংসদ, স্থানীয়, কেন্দ্রীয় না ইইউ পর্যায়ের সাংসদ? শুভকামনা আপনার জন্য,” বলেছিলেন তিনি।
ওই বক্তৃতায় তিনি বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই জার্মানি ভাসমান দেশ হয়ে আছে, শান্তিচুক্তির মাধ্যমে এর সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা দরকার।
নিজেদের লাভের জন্য কর্পোরেট কাঠামো প্রতিষ্ঠা করতে চাওয়া বিদেশি শক্তির হস্তক্ষেপে ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে রাজতন্ত্র উচ্ছেদ হয়েছে, যে কারণে জনগনকে ভুগতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার জার্মান কৌঁসুলিরা জানান, হাইনরিখ রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যাদেরকে কট্টর-ডানপন্থি গোষ্ঠীটি তাদের নতুন শাসনব্যবস্থা প্রবর্তনের মূল যোগাযোগকারী অংশ হিসেবে দেখে থাকে। তবে ওই রুশ প্রতিনিধিরা যে হাইনরিখের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছিলেন তার প্রমাণ মেলেনি।
ক্রেমলিন বলেছে, অভ্যুত্থানের যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, তাতে রাশিয়ার কোনো ধরনের সংশ্লিষ্টতার প্রশ্নই ওঠে না।
হাইনরিখকে তার ফ্রাঙ্কফুর্টের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি থুরিনজেনে তার শিকারের কুটিরে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র মজুদ করেছেন সন্দেহে পুলিশ সেখানেও অভিযান চালায় বলে জানিয়েছে খবরের কাগজ ওসথুরিনজার।
পূর্ব জার্মানির থুরিনজেন রাজ্যটি দীর্ঘদিন ধরেই কট্টর ডানপন্থিদের ঘাঁটি হিসেবে পরিচিত।
ওসথুরিনজারের প্রতিবেদন প্রসঙ্গে কিছু বলতে রাজি হননি জার্মানির কেন্দ্রীয় কৌঁসুলিরা; তবে থুরিনজেনে যে অভিযান হয়েছে তা নিশ্চিত করেছেন তারা।
তারা হাইনরিখ কীভাবে আধুনিক জার্মান রাষ্ট্রকে অস্বীকার করা কট্টর ডানপন্থি গোষ্ঠীটির সঙ্গে সম্পৃক্ত হলেন, তা বলতেও রাজি হননি।
রোমান সম্রাট চতুর্থ হেনরির সম্মানে দ্বাদশ শতকের শেষ থেকে রয়েস সাম্রাজ্য তাদের প্রতিটি ছেলে সন্তানের নাম হাইনরিখ বা হেনরি রাখা শুরু করে। চতুর্থ হেনরিই হাউজ অব রয়েসকে ভিদা ও গেরা নামে দুটি জায়গা দিয়েছিলেন, এগুলো এখন থুরিনজেন রাজ্যের শহর।
সরকারিভাবে জার্মানিতে এখন কোনো যুবরাজ বা রাজকুমারী না থাকলেও হাইনরিখদের মতো অনেকে এখনও যুবরাজ পদবী ব্যবহার করে। হাইনরিখ তার ফ্রাঙ্কফুর্টভিত্তিক রিয়েল এস্টেট এবং আর্থিক ব্যবস্থাপনা কোম্পানির নামও রেখেছেন ‘প্রিন্স রয়েসের দপ্তর’।
হাউজ অব রয়েসের এখনকার প্রধান চতুর্দশ হাইনরিখ এখন অস্ট্রিয়াতে থাকেন, তাকে অতীতে ত্রয়োদশ হাইনরিখের কাছ থেকে দূরে দূরে থাকতেই দেখা গেছে।
তিনি ত্রয়োদশ হাইনরিখকে ‘বিভ্রান্তকারী’ ও ষড়যন্ত্র তত্ত্বদ্বারা চালিত ব্যক্তি বলেও অ্যাখ্যা দিয়েছিলেন, জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
