২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে আমিনির পরিবারের হত্যার হুমকি পাওয়ার অভিযোগ

পুলিশি হেফাজতে আমিনির মৃত্যু ঘিরে যে বিক্ষোভের শুরু হয়েছিল তা এখন ইরান জুড়ে জ্বলছে। বিক্ষোভকারীরা দেশটির সর্বোচ্চ নেতার পতন দাবি করছেন।

ইরানে আমিনির পরিবারের হত্যার হুমকি পাওয়ার অভিযোগ

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 09:11 PM

Updated : 10 Oct 2022, 09:11 PM

মাশা আমিনির পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সেইসঙ্গে ইরান জুড়ে যে বিক্ষোভ চলছে তাতেও জড়িত না হতে সতর্ক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশি হেফাজতে মারা যাওয়া এই তরুণীর পরিবার। 

২২ বছরের মাশা এখন ইরানের সাধারণ মানুষের উপর চালানো দেশটির সরকারের দমন-নিপীড়নের প্রতীক। কুর্দি অধ্যুষিত একটি শহর থেকে ভাইয়ের সঙ্গে গত ১৩ সেপ্টেম্বর তেহরানে যাওয়া মাশাকে ঠিকঠাক মত হিজাব না পরার অভিযোগ তুলে আটক করে তেহরান নীতি পুলিশ। 

তিনদিন পর ১৬ সেপ্টেম্বর মারা যান মাশা। ওই তিনদিন তিনি হাসপাতালে কোমায় ছিলেন। 

মাশার পরিবারের দাবি, আটক করার সময় পুলিশ তাদের লাঠি দিয়ে মাশার মাথায় আঘাত করে এবং তার মাথা পুলিশের গাড়ির সঙ্গে জোরে ঠুকে দেয়। যে কারণে অজ্ঞান হয়ে পড়েন ‍মাশা। 

পুলিশের দাবি অবশ্য ভিন্ন। তারা বলছেন, মাশা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।মাশার মুখ, মাশার গল্প এখন পুরো বিশ্ব জানে। 

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সীমান্তে বিবিসি-র প্রতিনিধির সঙ্গে কথা হয় মাশার কাজিন এরফান মর্তেজাইয়ের সঙ্গে। 

তিনি বলেন, ‘‘ইরানের সরকারি কর্মকর্তারা আমাদের পরিবারকে প্রচণ্ড চাপে রেখেছে। তাই আমরা কোনো মানবাধিকার সংগঠন বা ইরানের বাইরের কোনো চ্যানেলের সঙ্গে কথা বলতে পারছি না এবং তার চলে যাওয়া নিয়ে বাইরের পৃথিবীর কাউকে কোনও তথ্য দিতে পারছি না।” 

এরফান একজন পেশমার্গা যোদ্ধা। তিনি ইরান থেকে বহিষ্কৃত দেশটির কুর্দি বিরোধী দল ‘কোমালা’র একজন সদস্য। দলটি এখন ইরাক থেকে পরিচালিত হচ্ছে। 

ইরান সরকার সে দেশে থাকা কুর্দিদের বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে। মাশার বাবা এবং তার চাচাসহ পরিবারের সবাই বার বার বলেছে, তারা কোনো কুর্দি দলকে সমর্থন করে না। 

কুর্দি ভাষায় মাশার নাম শিনা এবং তার পরিবার তাকে শিনা নামেই ডাকত। কাগজপত্রে তার ইরানি নাম মাশা আমিনি। ইরানে কুর্দি নাম রাখা নিষিদ্ধ। যে কারণে মাশার পরিবার বাধ্য হয়ে তার ইরানি নাম রেখেছে। 

এরফান জোর দিয়ে বলেন, ‘‘শিনা খুবই সাধারণ মেয়ে ছিল এবং কোনও ধরনের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। 

‘‘ইরান সরকার এখন তাকে নিয়ে গল্প বানাচ্ছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। বলছে, শিনার আমার সঙ্গে যোগাযোগ ছিল। আমি তাকে প্রশিক্ষণ দিয়েছি এবং পরিকল্পিত কার্যক্রম পরিচালনার জন্য তাকে ইরানে ফেরত পাঠিয়েছি। যেখানে এ সব কিছু একেবারে ভিত্তিহীন।” 

মাশার পরিবারকে এখন নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলেও জানান এরফান। 

তিনি বলেন, ‘‘তারা ইসলামিক প্রজাতন্ত্রের নিপীড়নের শিকার। প্রজাতন্ত্রের কর্মকর্তারা ইন্সটগ্রামে ভুয়া একাউন্ট থেকে আমাদের হুমকি দিচ্ছে এবং ইরানে অবস্থান করা পরিবারের সদস্যদের বলেছে, যদি তারা বিক্ষোভে জড়িত হয় তবে তাদের হত্যা করা হতে পারে। 

‘‘আমি নিজেও ফোনে অনেক হুমকি পাচ্ছি। বলা হচ্ছে, যদি তারা আমাকে নগরীতে দেখতে পায় তবে আমাকে অপহরণ করে হত্যা করবে।”