২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বিক্ষোভ সরকারের পতনের সূচনা করেছে: শিরিন এবাদি

বিক্ষোভ বর্তমানে ভিন্ন রূপ নিলেও তা এখনো শেষ হয়ে যায়নি বলেই মত এই নোবেল জয়ীর।

রয়টার্স

Published : 04 Feb 2023, 09:28 PM

Updated : 04 Feb 2023, 09:27 PM

পুলিশি হেফাজতে মাশা আমিনি নামে এক কুর্দি তরুণীর মৃত্যু ঘিরে গত বছরের শেষ ভাগে ইরান জুড়ে যে বিক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছিল সেটিকে ‘গণবিপ্লব’ বলে বর্ণনা করে ওই বিক্ষোভ দেশটির বর্তমান সরকারের পতনের সূচনা করেছে বলে মনে করেন শিরিন এবাদি।

মানবাধিকারের পক্ষে কাজের স্বীকৃতি স্বরূপ ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার জেতেন ইরানের আইনজীবী ও সাবেক বিচারপতি শিরিন এবাদি।

যিনি বর্তমানে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তার বয়স এখন ৭৫ বছর।

বার্তা সংস্থা রয়টার্সকে লন্ডন থেকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত ওই বিক্ষোভই ছিল সব থেকে দৃঢ় প্রতিবাদ।

‘‘এই বিপ্লব এমন একটি প্রক্রিয়া যেটা অনেকটা ট্রেনের মত। যে ট্রেন তার চূড়ান্ত গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত থামবে না।

‘‘বিক্ষোভ এখন একটি ভিন্ন আকার নিয়েছে, কিন্তু সেটা শেষ হয়ে যায়নি।”

গত বছর সেপ্টেম্বরে ভাইয়ের সঙ্গে তেহরান আসা কুর্দি তরুণী মাশা আমিনিকে হিজাব ঠিকমত না পরার অভিযোগ তুলে আটক করে সেখানকার নীতি পুলিশ। ১৬ সেপ্টেম্বর মাশা একটি হাসপাতালে মারা যায়। মৃত্যুর আগে তিন দিন হাসপাতালে কোমায় ছিল ২২ বছরের তরুণী মাশা।

পুলিশ তার মৃত্যু কারণ ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া’ বললেও মাশার পরিবার দাবি করে, গ্রেপ্তারের সময় পুলিশি নির্যাতনে মাশা কোমায় চলে যায়। পুলিশ মাশার মাথায় প্রচণ্ড আঘাত করেছিল।

মাশার দাফনের দিন তার শহরে বিক্ষোভ শুরু হয় যা দ্রুত পুরো ইরান জুড়ে ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করে। যাতে বহু বিক্ষোভকারী নিহত হন।

ইরান সরকার বিক্ষোভে দুইশ মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করেও নানা মানবাধিকার সংস্থা থেকে নিহতের সংখ্যা আরো অনেক বেশি বলে জানানো হয়েছে।

ওই বিক্ষোভে অংশ নেওয়া কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের এখন নানা অপরাধে দোষীসাব্যস্ত করে একে একে ফাঁসি দেওয়া হচ্ছে। যাকে ‘বিচারের নামে প্রহসন’ বলছে আন্তর্জাতিক নানা মানবাধিকার সংস্থা।