ইসরায়েলে শপথ নিচ্ছে নতুন নেতানিয়াহু সরকার: পশ্চিম তীরে বসতিতে অগ্রাধিকার
দেশের অভ্যন্তরীন ও আঞ্চলিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং ঘনিষ্ঠ মিত্রদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারে এমন সব নীতিও বাস্তবায়নের অঙ্গীকার করেছে এ সরকার।
ইসরায়েলে শপথ নেওয়ার মধ্য দিয়ে দায়িত্বে আসতে চলেছে বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন কট্টর-ডাপন্থি সরকার। পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণকে এই সরকার অগ্রাধিকারের তালিকায় শীর্ষে রেখেছে।
তাছাড়া, দেশের অভ্যন্তরীন ও আঞ্চলিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং ঘনিষ্ঠ মিত্রদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারে এমন সব নীতিও বাস্তবায়নের অঙ্গীকার করেছে এ সরকার।
বৃহস্পতিবার বিকালে নতুন সরকার শপথ নেবে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসাবে পাকাপোক্তভাবে ক্ষমতায় ফিরবেন নেতানিয়াহু। ইসরায়েলের ইতিহাসে এবারই সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার হচ্ছে।
টানা ১২ বছর প্রধানমন্ত্রী থাকার পর গত বছর ক্ষমতাচ্যুত হয়েছিলেন নেতানিয়াহু। এ বছর নভেম্বরের নির্বাচনে তিনি যে কেবল সগৌরবে ফিরে এসেছেন তাই নয়, এর মধ্য দিয়ে সেই ২০১৯ সাল থেকে শুরু হওয়া নজিরবিহীন রাজনৈতিক অচলাবস্থা অবসানেরও পট প্রস্তুত হয়েছে।
গত বছর নির্বাচনে নেতানিয়াহু হেরে যাওয়ার পর ইয়ার লাপিদের মধ্যপন্থি দল ইয়েস আতিদের সঙ্গে জোট করে সরকার গঠন করেছিল ইয়েমিনা পার্টি। কিন্তু সম্প্রতি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের জোটে ফাটল দেখা দেওয়ায় আবার নির্বাচনের আয়োজন করা হয়।
এ নির্বাচনের সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল, প্রকাশ্য আরব বিদ্বেষী ধর্মীয় কট্টরপন্থিদের সাফল্য। নেতানিয়াহু আগেই প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, এবার প্রধানমন্ত্রী হলে প্রভাবশালী ডানপন্থি রাজনীতিবিদ ইতামার বেন জিভির মতো কট্টরপন্থিদের নিয়ে সরকার গড়বেন তিনি। নেতানিয়াহুর এই কট্টরপন্থি মন্ত্রিসভা নিয়ে তাই উদ্বেগ তৈরি হয়।
নেতানিয়াহুর নতুন সরকার পশ্চিম তীরে বসতিস্থপনকারী অধুষ্যিত কট্টরপন্থি ধর্মীয় অতি-জাতিয়তাবাদী পার্টিসহ দুটি কট্টর-অর্থোডক্স পার্টি এবং জাতিয়তাবাদী লিকুদ পার্টি নিয়ে গঠিত।
নেতানিয়াহু সরকার তাদের অবস্থান জানান দিয়ে বলেছে, “গোটা ইসরায়েল এবং ফিলিস্তিনের ভূখণ্ডের ওপর প্রশ্নাতীতভাবেই ইহুদি জনগণের একান্ত অধিকার আছে। তারা পশ্চীম তীরে বসতিস্থাপন চালিয়ে যাবে।”
নেতানিয়াহুর আগের প্রশাসন ছিল পশ্চীমতীরে ইহুদি বসতি স্থাপন চালিয়ে যাওয়ার ঘোর সমর্থক। তার নতুন সরকারে এই কার্যক্রম কেবল আরও গতি পাবে বলা যায়।
আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই ইসরায়েলের পশ্চিম তীরে বসতি স্থাপনকে অবৈধ এবং ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার পথে বাধা বলে মনে করে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ক্ষুণ্ন করতে পারে এমন পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে নতুন ইসরায়েল সরকারকে এরই মধ্যে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
