পোল্যান্ড সীমান্তের কাছে পৌঁছেছে আরও ওয়াগনার সেনা: প্রধানমন্ত্রী
ওয়াগনার যোদ্ধারা ছদ্মবেশে অভিবাসনপ্রত্যাশীদের পোল্যান্ডে ঢুকতে সহায়তা পারে। এমনকী নিজেরাও ঢুকে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পোলিশ প্রধানমন্ত্রী।
রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের ১০০ সেনা পোল্যান্ডের সীমান্তের কাছের বেলারুশ শহর গ্রোদনোতে পৌঁছেছে বলে জানিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী মাতুসা মোরাউইজকি।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকেই পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্যদেশ পোল্যান্ড এই যুদ্ধ তাদের দেশেও ছড়িয়ে পড়ার ভয়ে আছে।
এই মাসের শুরুর দিকে পোল্যান্ড দেশের পূর্বাঞ্চলে ১ হাজারেরও বেশি সেনা সমাবেশ করতে শুরু করেছে। বেলারুশে ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতি পোল্যান্ড সীমান্তে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন উদ্বেগ বাড়তে থাকার মধ্যে দেশটি সেনাসমাবেশের পদক্ষেপ নিচ্ছে।
পশ্চিম পোল্যান্ডের গ্লিউইসে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মোরাউইজকি বলেন, “পরিস্থিতি দিন দিনই বিপজ্জনক হয়ে উঠছে…খুব সম্ভবত তারা (ওয়াগনার সেনা) বেলারুশের সীমান্তরক্ষীর ছদ্মবেশ ধরবে এবং অবৈধ অভিবাসনপ্রত্যাশীদেরকে পোল্যান্ডে ঢুকতে সহায়তা করে দেশটিকে অস্থিতিশীল করে তুলবে।”
“তারা নিজেরাও খুব সম্ভবত অবৈধ অভিবাসনপ্রত্যাশী সেজে পোল্যান্ডে ঢোকার চেষ্টা করবে। এটা আরেকটা হুমকি।” ওয়াগনার সেনাদের পোলিশ সীমান্তে কাছে পৌঁছানোর খবর কোথা থেকে পেয়েছেন সে সূত্রের ব্যাপারে কিছু জানাননি প্রধানমন্ত্রী।
রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে দেশটি থেকে বিতাড়িত ভাড়াটে সেনাদল ওয়াগনারের যোদ্ধারা একটি চুক্তির আওতায় বেলারুশে অবস্থান নিয়েছে।
পোল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলে বেলারুশের সঙ্গে যে সীমান্ত আছে, সেটি অবস্থানগত কারণে ওই অঞ্চলের জন্য অত্যন্ত সংবেদনশীল। ওয়াগনারের বেলারুশে অবস্থান নিয়ে তাই নানা গুঞ্জন শোনা যাচ্ছে।
সে গুঞ্জনে জোর হাওয়া দিয়েছে রাশিয়ার একজন আইনপ্রণেতার একটি মন্তব্য। যেখানে তিনি বলেন, ওয়াগনার গ্রুপ ‘সুয়ালকি গ্যাপ’ এর দখল নেওয়ার উদ্যোগ নিতে পারে।
বেলারুশ, লিথুয়ানিয়া, রাশিয়ার কালিনিনগ্রাদ ওব্লাস্ট এবং পোল্যান্ডের মাঝে অবস্থিত ছোট্ট একটি করিডোর এই ‘সুয়ালকি গ্যাপ’। করিডোরটির দখল নিয়ে বাল্টিক দেশগুলোকে বাকি ইউরোপ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব।
পোল্যান্ডের এই ছোট্ট উপত্যকা এক কারণেই কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই অঞ্চলে আধিপত্য বিস্তারে ‘সুয়ালকি গ্যাপ’ এর দিকে দীর্ঘদিন ধরেই মস্কোর নজর রয়েছে।
শনিবার পোলিশ প্রধানমন্ত্রী জানান, ওয়াগনারের সেনাসদস্যরা উত্তর-পশ্চি বেলারুশে ইইউ সদস্যদেশ লিথুয়ানিয়ার সঙ্গেকার ৬০ মাইল দীর্ঘ পোলিশ সীমান্তের সুয়ালকি গ্যাপের কাছে অবস্থান নিয়েছে।
জুলাইয়ের শুরুর দিকে ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে একটি ভিডিও তে বেলারুশে যোদ্ধাদেরকে স্বাগত জানাতে দেখা যায়। সেখানে তিনি বলছিলেন, তারা আপাতত ইউক্রেইন যুদ্ধে অংশ নেবেন না। বরং আফ্রিকায় লড়াই চালিয়ে যাবেন।
পরের দিনই ওয়াগনার যোদ্ধারা বেলারুশের ব্রেস্ট শহরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে যান। কেন্দ্রটি পোল্যান্ডের সীমান্ত থেকে মাত্র কয়েকমাইল দূরে।
