২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর বিরুদ্ধে পিটিআই ধ্বংসের চেষ্টার সরাসরি অভিযোগ ইমরানের

ইমরান এর আগে একাধিকবার তার দলের নেতাকর্মীদের ধরপাকড়ের পেছনে সেনাবাহিনীর হাত আছে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

সেনাবাহিনীর বিরুদ্ধে পিটিআই ধ্বংসের চেষ্টার  সরাসরি অভিযোগ ইমরানের

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 04 Jun 2023, 08:01 PM

Updated : 04 Jun 2023, 08:01 PM

পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনী এবং ‍তাদের গোয়েন্দা সংস্থা প্রকাশ্যে পিটিআই কে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইমরান খান। বলেছেন, ভবিষ্যতে সামরিক আদালতে বিচারের পর তাকে কারাগারে নিক্ষেপের বিষয়ে ‘কোনও সন্দেহ তার নেই’।

ইমরান এর আগে একাধিকবার তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতাকর্মীদের ধরপাকড়ের পেছনে সেনাবাহিনীর হাত আছে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

কিন্তু শনিবার রাতে লাহোরে নিজ বাড়ি থেকে দেওয়া এক সাক্ষাৎকারে এবার সরাসরি সেনাবাহিনীর দিকে আঙুল তুলেছেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে ইমরান খানকে প্রশ্ন করা হয়, পিটিআই এর বিরুদ্ধে ধরপাকড়ের পেছেনে কারা রয়েছেন? জাবাবে তিনি বলেন, ‘‘এটা সম্পূর্ণরূপে প্রভাবশালীদের কাজ।

‘‘প্রভাবশালী বলতে নিশ্চিতভাবেই সামরিক প্রভাবশালী বোঝাচ্ছি। কারণ, তারা এখন সত্যিই প্রকাশ্যে.. আমি বলতে চাইছি, তারা এখন কোনো রাখঢাক রাখছে না। তারা একেবারে প্রকাশ্যে চলে এসেছে।”

পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে রাজনীতির খেলায় সবসময়ই বড় খেলোয়াড় সেনাবাহিনী। স্বাধীনতার পর দীর্ঘ এ সময়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেনাবাহিনীই দেশটি পরিচালনা করে এসেছে এবং এজন্য খুব কমই তারা জনগণের কাছ থেকে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যেমনটা ইমরান খানের নেতৃত্বে সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়েছিল পাকিস্তানের জনগণ।

ইমরানের সাক্ষাৎকারের পর রয়টার্স থেকে এ বিষয়ে কথা বলতে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দের খবর সেই ইমরানের প্রধানমন্ত্রীত্ব ছাড়তে বাধ্য হওয়ার ঘটনা থেকেই ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে। দীর্ঘ এক বছর ধরে যা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল।

অবশেষে গত মাসে প্রকাশ্যে মুখোমুখি অবস্থানে চলে আসে ইমরান ও সেনাবাহিনী। যখন ইমরানকে ইসলামাবাদ হাই কোর্ট প্রাঙ্গন থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো-এনএবি। ইমরানের গ্রেপ্তারের প্র্রতিবাদে তার দলের কর্মীসমর্থকরা দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলে। ওই সময়ে কয়েকটি সেনানিবাস এবং বেশ কয়েকটি সেনা স্থাপনায় ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সেনাবাহিনীর অভিযোগ, পিটিআই কর্মীরা ‘ইমরানের নির্দেশে পরিকল্পিতভাবে’ এ কাজ করেছে।

এবং সেনাবাহিনী থেকে এ অভিযোগে বেশ কয়েকজনের বিচার সামরিক আদালতে করার প্রক্রিয়া শুরু করেছে। তাদের মধ্যে ইমরানের দলের সদস্যরাও রয়েছেন। সাধারণত সেনাসদস্য এবং রাষ্ট্রের শত্রুদের বিচার সামরিক আদালতে হয়।

ইমরান বলেন, ‘‘এটাকেই তারা আমাকে কারাগারে নিয়ে যাওয়ার একমাত্র পথ হিসেবে নিয়েছে।”

এ বছর নভেম্বরে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইমরান বলেন, নির্বাচনে অংশ নিতে না দিয়ে সেনাবাহিনী তার পুনরায় ক্ষমতায় যাওয়া আটকাতে চায়।

নিজের জনপ্রিয়তা নিয়ে ইমরানের এ দাবির সঙ্গে সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপের ফলাফলে সংগতি দেখা গেছে। জনমত জরিপ অনুযায়ী, তিনিই এখন পাকিস্ত‍ানের সবচেয়ে জনপ্রিয় নেতা।

ইমরানের বিরুদ্ধে প্রায় ১৫০ ফৌজদারি মামলা হয়েছে, যেগুলোকে অযৌক্তিক দাবি করেছেন এই নেতা। বলেছেন, যেকোনো বেসামরিক আদালতে ওইসব মামলার কোনোটিই টিকবে না।

‘‘তাই তাদের একমাত্র আশা, এবং যেহেতু তারা আমাকে পথ থেকে সরিয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ, আমি মনে করি তারা তা করবে, তাদের প্রহসনের সামরিক আদালত আমাকে কারাবন্দি করেই ছাড়বে।

‘‘শুধু আমার জন্যই যে সামরিক আদালত, যে বিষয়ে আমার কোন সন্দেহ নেই।”

শুধু সেনাবাহিনী নয় বরং তাদের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স (আইএসআই) দিকেও অভিযোগের আঙুল তুলেছেন ইমরান। বলেছেন, তার দলের বিরুদ্ধে ধরপাকড়ে আইএসআইও ঘনিষ্ঠভাবে যুক্ত।

ইমরান বলেন, তার দলের দুইজন জ্যেষ্ঠ সদস্যকে আইএসআই থেকে কথা বলার জন্য ডেকে পাঠানো হয়।

‘‘এবং যখন তারা সেখানে যায়, তারা তাদের আটকে ফেলে এবং বলে, ‘যতক্ষণ পর্যন্ত আপনি পিটিআই থেকে সরে না দাঁড়াবেন, আপনাকে যেতে দেওয়া হবে না’।”

সংকট সমাধানে সেনাবাহিনীর সঙ্গে আলোচনার চেষ্টা করেছিলেন জানিয়ে ইমরান আরো বলেন, তিনি অপর তরফ থেকে কোনো সাড়া পাননি।

বলেন, ‘‘সেনাপ্রধান জেনারেল অসিম মুনির কোনো আমাকে একপাশে সরিয়ে দেওয়ার সংকল্প করেছেন, তা আমি সত্যিই জানি না।”

২০২২ ‍সালের নভেম্বরে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হওয়ার আগে জেনারেল অসিম আইএসআই-র প্রধান ছিলেন। কিন্তু ২০১৯ সালে হঠাৎ করেই তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যখন প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান।

হঠাৎ করে জেনারেল অসিমকে ওই সময় সরিয়ে দেওয়া কারণ ব্যাখ্যা করা হয়নি। তবে এত দিনে ইমরান প্রথমবারের মত স্বীকার করেছেন, তার ইচ্ছাতেই জেনারেল অসিমকে ওই সময়ে আইএসআই প্রধান থেকে সরিয়ে দেওয়া হয়।

‘‘আমার মনে হয় সেখান থেকে তার মধ্যে (আমার বিরুদ্ধে) ক্ষোভ তৈরি হয়েছে। কারণ, আমিই তাকে আইএসআই প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করতে বলেছিলাম।

‘‘সত্য কী, আমি ঠিক জানি না।”

কেনো জেনারেল অসিমকে পদত্যাগ করতে বলেছিলেন সেই প্রশ্নের জবাবে ইমরান বলেন, ‘‘আসলে, আমি একজন প্রধানমন্ত্রী হিসেবে...বুঝতে পেরেছিলাম কিভাবে আইএসআই পরিচালিত হচ্ছে...যা নিয়ে আমরা সমস্যা ছিল।”

এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।

পরে সেই জেনারেল অসিম মুনিরকেই সেনাপ্রধানের দায়িত্ব দেন ইমরানের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ইমরান বলেন, ‘‘এখনতো তার কোনো সমস্যা থাকা উচিত না, কারণ, তিনি এখন সেনাপ্রধান।

‘‘তাহলে কোনো তিনি এখনো সেই ক্ষোভ পুষে রেখেছেন।?”

তার বিরুদ্ধে যেসব প্রচারণা চালানো হচ্ছে তাতে তিনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন জানিয়ে আরো বলেন, ‘‘আমি সেই ব্যক্তি যিনি এই দেশ ৫০ বছর ধরে সুপরিচিত, যিনি সম্ভবত এই দেশের সব পুরস্কার জিতেছেন, এবং খুব সম্ভবত সবথেকে জনপ্রিয় পাকিস্তানি। এখন হঠাৎ করেই এমন আচারণ করা হচ্ছে যেনো আমি ভিনগ্রহ থেকে আসা এলিয়ন, যেন দেশের শত্রু।”