চীনে কোভিড: চেচিয়াংয়ে প্রতিদিন ১০ লাখ আক্রান্ত, ‘সামনেই দ্বিগুণ’
চীন সম্প্রতি কোভিডে মৃত্যুর সংজ্ঞা বদলেছে। তাতে কেবল করোনাভাইরাসজনিত নিউমোনিয়া ও শ্বাসযন্ত্র বিকল হয়ে মৃত্যুই কোভিডে প্রাণ হারানোর তালিকায় যুক্ত হচ্ছে।
চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ চেচিয়াং এখন প্রতিদিন ১০ লাখের মতো নতুন কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়ছে, এ সংখ্যা আসছে কয়েকদিনের মধ্যে দ্বিগুণ হতে পারে বলে প্রাদেশিক সরকার আশঙ্কাও প্রকাশ করেছে।
রোববার তারা এ আশঙ্কার কথা জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশজুড়ে সংক্রমণের ভয়াবহ ঊর্ধ্বগতি সত্ত্বেও চীনে শনিবার পর্যন্ত টানা ৫দিন মূলভূখণ্ডে কোভিডে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল রোববার জানিয়েছে।
কোভিড সংক্রমণ প্রতিরোধে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অসংখ্য শহরের কোটি কোটি বাসিন্দাকে মাসের পর মাস ক্লান্তিহীন লকডাউন ও কঠোর সব বিধিনিষেধের ভেতর দিয়ে যেতে হয়েছে।
তিতিবিরক্ত নাগরিকরা এ বছরের দ্বিতীয় ভাগে ফুঁসে উঠলে বেইজিংও তাদের ‘শূন্য কোভিড’ নীতিতে পরিবর্তন এনে বিধিনিষেধ একে একে তুলতে শুরু করে।
হুট করে এ বিধিনিষেধ তোলায় বিস্তৃত হতে শুরু করে সংক্রমণ। দেশটির নাগরিক ও বিশেষজ্ঞরা এর মধ্যেই দেশটির কর্তৃপক্ষের প্রতি সংক্রমণ পরিস্থিতির আরও নির্ভুল তথ্য প্রকাশে আহ্বান জানিয়েছেন।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) কিছুদিন আগে থেকে উপসর্গহীন রোগীর তালিকা প্রকাশ বন্ধ করে দিলে দেশটিতে আক্রান্তের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
এনএইচসি রোববার থেকে দৈনিক শনাক্ত-মৃত্যুর তথ্য প্রকাশও বন্ধ করে দেয়। পরে সিডিসি শনিবারের শনাক্ত রোগীর তথ্য প্রকাশ করে।
“ধারণারও আগে নববর্ষের সময়ে চেচিয়াং সংক্রমণের চূড়ার পর্বে ঢুকতে পারে বলে অনুমান করা হচ্ছে, সেসময় দৈনিক সংক্রমণ ২০ লাখও হতে পারে,” রোববার দেওয়া বিবৃতিতে বলেছে চেচিয়াং সরকার।
প্রদেশটির হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ১৩ হাজার ৫৮৩ রোগীর মধ্যে একজনের দেহে কোভিডের গুরুতর লক্ষণ পাওয়া গেছে, অন্যান্য রোগের কারণে আরও ২৪২ জনের অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক, বলেছে তারা।
চীন সম্প্রতি কোভিডে মৃত্যুর সংজ্ঞা বদলেছে। তাতে কেবল করোনাভাইরাসজনিত নিউমোনিয়া ও শ্বাসযন্ত্র বিকল হয়ে মৃত্যুই কোভিডে প্রাণ হারানোর তালিকায় যুক্ত হচ্ছে।
বেইজিংয়ের এ সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়েই স্বাস্থ্য বিশেষজ্ঞরা ব্যাপক সমালোচনা করছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিধিনিষেধ শিথিল করার পর কোভিড নিয়ে নতুন কতজন হাসপাতালে ভর্তি হয়েছে চীনের কাছ থেকে সে সংক্রান্ত কোনো তথ্যই পায়নি তারা।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির কর্তৃপক্ষ রোগীর সংখ্যা হিসাব করতে খাবি খাওয়ায় এমনটা হতে পারে বলেও ধারণা করছে তারা।
ক্যাপিটাল ইকোনমিকসের এক গবেষণা নোট বলছে, চীন এখন মহামারীর সবচেয়ে বিপজ্জনক সপ্তাহগুলোতে প্রবেশ করেছে।
“কর্তৃপক্ষ সংক্রমণের বিস্তার ঠেকাতে কোনো চেষ্টাই করছে না। চান্দ্র নববর্ষ উপলক্ষে দেশটির ভেতর এক স্থান থেকে আরেক স্থানে লোক যাতায়াতও শুরু হয়েছে। এ কারণে যেসব এলাকায় এখনও সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে না, সেসব এলাকায়ও দ্রুততম সময়ে ঊর্ধ্বগতি দেখা যাবে,” বলেছে তারা।
ছিংদাও ও তংগোয়ার মতো শহরগুলোতে এখন প্রতিদিন লাখ লাখ ব্যক্তি আক্রান্ত হচ্ছেন বলে আশঙ্কা করা হচ্ছে, যা চীনের দৈনিক শনাক্ত হওয়া রোগীর তুলনায় অনেক অনেক বেশি। চীনের এই তালিকায় অবশ্য উপসর্গবিহীন রোগীর সংখ্যা জানানো হচ্ছে না।
পূর্বাঞ্চলীয় দুই শহর হাংচো এবং সুচৌর কর্তৃপক্ষও সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
হাসপাতালগুলোতে বাড়তে থাকা রোগীর সংখ্যা চীনের স্বাস্থ্য কাঠামোর ওপরও ব্যাপক চাপ সৃষ্টি করেছে, অনেক জায়গায় অসুস্থ কর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছে, কোথাও কোথাও অবসর নেওয়া কর্মীদেরও ফের নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
জানুয়ারিতে চান্দ্র নববর্ষের সময়, যখন বিপুল সংখ্যক লোক বাড়ি ফিরবে, তখন রোগীর চাপ ঠেকাতে এখন থেকেই ব্যবস্থা নেওয়ারও তাগিদ দিয়েছে তারা।
