উত্তর কোরিয়ার দেওয়া ক্ষেপণাস্ত্র ইউক্রেইনে ছুড়ছে রাশিয়া: যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়ার কাছ থেকে পাওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ইউক্রেইন যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। যুক্তরাষ্ট্র এমন দাবি করেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি একে রাশিয়ার প্রতি ইউক্রেইনের সমর্থন বাড়ার খুবই গুরুতর এবং উদ্বেগজনক লক্ষণ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলবে এবং রাশিয়াকে অস্ত্র সরবরাহে যারা জড়িত তাদের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করবে।
তবে মস্কো রাশিয়ার সঙ্গে এমন আঁতাত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
উত্তর কোরিয়ার নেতা সেপ্টেম্বরে সম্ভাব্য সামরিক সহায়তা নিয়ে আলোচনা করতে রাশিয়া ভ্রমণ করেছিলেন।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র এর আগেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ করেছে। কিন্তু এবারই প্রথম যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৯শ’ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম স্বচালিত রকেটের বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেছে।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র কিরবি বলেন, উত্তর কোরিয়া থেকে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহ করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবনার সরাসরি লঙ্ঘন।
“আন্তর্জাতিক বাধ্যবাধকতা আবারও লঙ্ঘন করার জন্য রাশিয়াকে জবাবদিহি করার দাবি জানাব আমরা”,বলেন কিরবি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ধারণা রাশিয়া ইরানের কাছ থেকে কাছের-পাল্লার ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করছে। তবে সেটি তারা এখনও করেনি।
