ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া থেকে ফেরার পথে গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ভূ-মধ্যসাগরে নিহত ১০ বাংলাদেশির মৃতদেহ শনি থেকে সোমবারের মধ্যে দেশে পৌঁছাবে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) মরদেহ সংগ্রহ করে তাদের গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ৫ মার্চ লিবিয়া থেকে ফেরার পথে অবৈধভাবে গ্রিসে অনুপ্রবেশের জন্য ৪৯ জন বাংলাদেশি ফেরি থেকে সাগরে লাফিয়ে পড়েন। এদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়। একজন এখনো নিখোঁজ রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩১ হাজার ৭৪৯ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরে এসেছেন।
এর মধ্যে ৩ হাজার ৬৯২ জন ফিরেছেন বিদেশি চাকরিদাতাদের ব্যবস্থাপনায়। আর ২৫ হাজার ৬৯৬ জনের ফেরার ব্যবস্থা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়া-তিউনিসিয়া সীমান্তের রাস দির পয়েন্টে ১৪ শ' বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। এছাড়া ২৪ মার্চ আরো ২৩ জন বাংলাদেশি লিবিয়া থেকে মিশর সীমান্তে পেঁছেছেন।
আইওএমের ব্যবস্থাপনায় শিগগর তারা দেশে ফিরবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
এছাড়া লিবিয়া থেকে আলজেরিয়ায় আশ্রয় নেওয়া ৪৮ বাংলাদেশিকে বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/০১১৮ ঘ.
bdnews24