২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উড্ডয়ন নিষিদ্ধ এলাকার দায়িত্ব নিচ্ছে ন্যাটো

অবশেষে লিবিয়ার উড্ডয়ন নিষিদ্ধ এলাকার (নো-ফ্লাই জোন) দায়িত্ব নিতে যাচ্ছে ন্যাটো। তবে জাতিসংঘ সমর্থিত যৌথ বাহিনীর নেতৃত্ব আপাতত তারা নিচ্ছে না। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 05:52 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ত্রিপোলি, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবশেষে লিবিয়ার উড্ডয়ন নিষিদ্ধ এলাকার (নো-ফ্লাই জোন) দায়িত্ব নিতে যাচ্ছে ন্যাটো। তবে জাতিসংঘ সমর্থিত যৌথ বাহিনীর নেতৃত্ব আপাতত তারা নিচ্ছে না। এরফলে গাদ্দাফি বাহিনীর উপর বিমান হামলার দায়িত্ব যৌথ বাহিনীর ওপরই থাকছে। এ অভিযানে ন্যাটো অংশ নেবে কি না তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলে। লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি অনুগত বাহিনীর হামলা থেকে সাধারণ জনগণকে রক্ষার জন্য সেনা অভিযানের নেতৃত্ব নেওয়ার জন্য ২৮ সদস্যদেশের অংশগ্রহণে গঠিত ন্যাটোর ওপর চাপ বাড়ে। ন্যাটোর মহাসচিব আন্দের্স ফগ রাসমুসেন বলেছেন, ন্যাটো লিবিয়ার উড্ডয়ন নিষিদ্ধ এলাকার দায়িত্ব নিচ্ছে। এ অভিযানে ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বাহিনীর সমন্বয়ে গঠিত জোট তাদের নিজস্ব অভিযান চালিয়ে যাবে। রাসমুসেন বলেন, 'অর্থাৎ এ মুহূর্তে দু'টি অভিযান চলবে'। লিবিয়া অভিযানের পুরো দায়িত্ব ন্যাটোকে দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে জানিয়ে ন্যাটোর কর্মকর্তারা জানান, এ ব্যাপারে রোববার সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, বৃহস্পতিবার সকালে ত্রিপোলির একটি হাসপাতালে সাংবাদিকদের নিয়ে যান লিবীয় কর্মকর্তারা। সেখানে সেনা ও সাধারণ নাগরিকসহ ১৮ জনের লাশ দেখানো হয় তাদের। কর্মকর্তাদের দাবি, নিহতরা পশ্চিমা বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার শিকার। তবে লিবিয়ায় সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র বাহিনীর প্রধান জেরার্ড হুবারের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, বিমান হামলায় বেসামরিক মানুষ মারা যাওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই। লিবিয়ায় গত পাঁচ দিন ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও তাদের মিত্র দেশগুলো। পশ্চিমা বাহিনীর হামলার পরও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শহর লক্ষ করে সরকারি বাহিনীর ট্যাঙ্ক হামলা বন্ধ করা যায়নি। এমনকি দেশটির পূর্বাঞ্চলীয় কৌশলগত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকেও গাদ্দাফি অনুগতদের হঠানো সম্ভব হয়নি। উত্তর আফ্রিকার এ দেশটির চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফি বলেছেন, তারা যুদ্ধ চালিয়ে যাবেন। কোনোভাবেই নতি স্বীকার করবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৯ ঘ.