ওয়াশিংটন, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাদ্দাফি পদত্যাগ না করা পর্যন্ত লিবিয়ার জনগণের বিপদ কাটবে না। তারা হুমকির মুখেই থেকে যাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
লিবিয়ায় কয়েকদিনের সমন্বিত হামলার পর ওবামা একথা বললেন।
তিনি বলেন, "গাদ্দাফি পদত্যাগ করতে রাজি না হলে লিবিয়ার জনগণের জন্য তিনি হুমকি হয়ে থাকবেন।"
ল্যাতিন আমেরিকা সফরের শেষ মুহূর্তে ওবামা আবারো দৃঢ়কণ্ঠে লিবিয়ায় হামলার নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা বলেন।
তিনি বলেন, "আমরা লিবিয়ার জনগণকে রক্ষার প্রচেষ্টায় সহায়তা করবো। কিন্তু নেতৃত্ব দেবো না।"
সামরিক অভিযানের নেতৃত্ব আর দু'একদিনের মধ্যেই ন্যাটোর হাতে হস্তান্তরের আশা প্রকাশ করেছেন ওবামা।
সামরিক কমান্ড ন্যাটোকেই নিতে হবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে একমত হয়েছে ফ্রান্স।
কিন্তু অভিযানের রাজনৈতিক নেতৃত্ব ন্যাটোর নেওয়া উচিত কিনা সে প্রশ্নে তারা একমত হতে পারেনি।
তুরস্ক এবং ফ্রান্স উভয়ই ন্যাটোর রাজনৈতিক নেতৃত্বের বিরোধী।
তবে খুব শিগগিরই বিষয়টির একটি সুরাহা হবে বলে আশাবাদী ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
বিডিনিউজ টোনেন্টফোর ডটকম/এলকিউ/১৮০৮ ঘ.
bdnews24