ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রিস থেকে ৯ বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনার প্রস্তুতি শেষ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এতে কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।
গত ৫ মার্চ লিবিয়া থেকে গ্রিসে নিয়ে যাওয়ার সময় ক্রিট দ্বীপের কাছে বেশ কয়েকজন বাংলাদেশি জাহাজ থেকে সাগরে লাফিয়ে পড়েন। এতে ১২ জনের মৃত্যু হয়। এরই মধ্যে তিন জনের লাশ ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া দুই জন এখনো নিখোঁজ রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রিটের হানিয়া জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে ওই নয়টি লাশ। শিগগিরই সেগুলো ফিরিয়ে আনা হবে।
ফিরেছেন ৩০ হাজার ৫৯ জন
লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ৩০ হাজার ৫৯ জন দেশে ফিরেছেন। এর মধ্যে তিন হাজার ২৮৭ জন এসেছেন নিয়োগদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে। ২৫ হাজার ৩৩৫ জনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, তিউনিসিয়ার রাস দির সীমান্তে দুই হাজার ৩৭ জন বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় আছেন। ২০ মার্চ নতুন করে লিবিয়া থেকে তিউনিসিয়ায় ঢুকেছেন ২০ জন।
এ ছাড়া একই দিনে ৩৯ জন বাংলাদেশি নাগরিক মিশরের আল সালোম সীমান্ত অতিক্রম করেছেন। আইওএম তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে।
এদিকে, আলজেরিয়ার আইন-আমেনাস সীমান্তে অপেক্ষমান বাকি ৪৮ বাংলাদেশিকেও আইওএমর ব্যবস্থাপনায় শিগগিরই
দেশে পাঠানো হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২০৪৬ ঘ.
bdnews24