ত্রিপোলি, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে যৌথবাহিনীর জঙ্গিবিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চলছে। এ অবস্থায় দীর্ঘ যুদ্ধে নামার ঘোষণা দিয়েছেন দেশটির শাসক মুয়াম্মার গাদ্দাফি।
রোববার সকালের দিকে ত্রিপোলিতে নতুন করে হামলা চালায় যৌথবাহিনী। লিবিয়ার একটি বড় বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ৪০টি বোমা ফেলেছে বলে সিবিএস নিউজ তাদের ওয়েবসাইটে জানিয়েছে।
শনিবার বিদ্রোহী নিয়ন্ত্রিত বেনগাজিতে সামরিক বাহিনীর গাদ্দাফি-অনুগত অংশের ওপর প্রথম বিমান হামলা চালায় ফ্রান্স। এতে কয়েকটি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়।
ফরাসি বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতার আশেপাশের বিমান প্রতিরক্ষাস্থল লক্ষ্য করে ১১০টি টোমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
এই প্রতিরক্ষাস্থলগুলো গাদ্দাফি অনুগতদের দখলে ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর কর্মকর্তারা।
লিবিয়ায় এই অভিযান ২০০৩ সালে ইরাক আক্রমণের পর আরব বিশ্বের কোন দেশে বৃহত্তম সামরিক অভিযান।
ন্যাটোভুক্ত ২৮টি দেশ ও দুটি আরবদেশ ওডেসি ডন নামের এ সামরিক অভিযানে অংশ নিচ্ছে।
'সবার হাতে অস্ত্র'
পশ্চিমা হামলাকে সন্ত্রাসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, দেশকে রক্ষা করতে লিবিয়ার সব মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। পশ্চিমাদের পরাজয় অবশ্যম্ভাবী।
লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তব্যে গাদ্দাফি বলেন, "আমরা আমাদের মাটি ছেড়ে দেবো না। একে স্বাধীন করব। আমরা বেঁচে থাকবো। তোমরা সব মরবে।"
লিবিয়ায় বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান ও নৌজাহাজ থেকে ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলার মুখেও গাদ্দাফি এ অনঢ় অবস্থান জানালেন।
গাদ্দাফি এ অভিযানকে নির্লজ্জ উপনিবেশবাদ ও মুমলিমদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ বলে অভিহিত করেছেন।
পশ্চিমা হামলা শুরুর কয়েক ঘন্টা পর রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অডিও ভাষণে গাদ্দাফি বলেন, "লিবিয়ার স্বাধীনতা, লিবিয়ার একতা ও লিবিয়ার সম্মান রক্ষার জন্য অস্ত্রাগার উন্মুক্ত করে জনসাধারণকে সবধরনের অস্ত্রে সজ্জিত করা দরকার।"
টেলিভিশন জানায়, শত্র"পক্ষ ত্রিপোলির বেসামরিক এলাকায় এবং মিসরাটায় জ্বালানি তেলের ডিপোতে হামলা চালিয়েছে। এতে ৪৮জন নিহত ও ১৫০জন আহত হয়েছে।
তবে মিসরাতার বাসিন্দারা জানিয়েছে, গাদ্দাফি অনুগতদের সামরিক বিমানক্ষেত্রে হামলা হয়েছে।
ওদিকে, বেনগাজিতে শনিবার বিদ্রোহীরা পাল্টা হামলা চালিয়ে গাদ্দাফি বাহিনীর অগ্রযাত্রা রুখেছে বলে জানিয়েছে।
এসময় তারা লিবিয়ায় পশ্চিমা শক্তির অভিযানকে স্বাগত জানিয়ে বলে, পশ্চিমা শক্তি অভিযান শুরু না করলে শনিবার রাতের মধ্যেই বেনগাজি গাদ্দাফি বাহিনীর হাতে চলে যেত।
শনিবার প্যারিসের স্থানীয় সময় সকালে পশ্চিমা ও আরব নেতাদের এক বৈঠক থেকে লিবিয়ায় সামরিক হামলা চালানোর ঘোষণা দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার, লিবিয়ার বেসামরিক নাগরিকদের ওপর গাদ্দাফি বাহিনীর হামলা বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লিবিয়ায় উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণা ও সামরিক অভিযান প্রস্তাব অনুমোদিত হয়।
ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্র এই অভিযানে লিবিয়ায় কোন স্থলসেনা পাঠাবে না বলে জানিয়েছে।
সম্মিলিত বাহিনীর ২৫টি যুদ্ধ জাহাজের মধ্যে যুক্তরাষ্ট্রের ৩টি সাবমেরিন রয়েছে।
শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর লিবিয়ায় এই হামলা চালানো শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯০২ ঘ.
bdnews24