ইমরান খানের বিরুদ্ধে তদন্ত চলছে: পাকিস্তান পুলিশ
পুলিশের তদন্তকারীরা জানিয়েছেন, রাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে কথিত হুমকি দিয়ে ইমরান খান সম্ভবত সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন করেছেন।
জনসভায় একজন নারী বিচারক ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘হুমকি দিয়ে’ বক্তব্য রাখায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার রাজধানী ইসলামাবাদে এক সমাবেশে হুমকির সুরে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান বলেন, তিনি ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক, উপ মহাপরিদর্শক এবং একজন নারী ম্যাজিস্ট্রেট কে ‘ছাড়বেন না’ এবং তাদের বিরুদ্ধে মামলা করবেন।
মূলত পিটিআই নেতা শাহবাজ গিলকে গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে ইমরান একথা বলেন।
ইসলামাবাদ পুলিশের আবেদনের ভিত্তিতে গত সপ্তাহে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন বিচারক জেবা চৌধুরি পিটিআই নেতা শাহবাজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিচারক জেবাকে নিয়ে ইমরান বলেন, জেবার বিরুদ্ধেও ‘মামলা হবে এবং সেজন্য তার প্রস্তুত থাকা উচিত’।
ইমরান এ বক্তব্যের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রোববার সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়েছিল দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকার।
তবে এর আগেই হুমকি দিয়ে বক্তব্য রাখার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে শনিবার রাত ১০ টার দিকে ইসলামাবাদের মারগাল্লা পুলিশ স্টেশনে সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারায় একটি মামলা (এফআইআর) দায়ের করা হয়। ম্যাজিস্ট্রেট আলি জাভেদের অভিযোগের প্রেক্ষিতে এই মামলা দায়ের হয়।
এফআইআর-এ বলা হয়, পিটিআই চেয়ারম্যান ইমরান খান ইসলামাবাদের এফ-৯ পার্কের সমাবেশের বক্তব্যে পুলিশ এবং বিচারবিভাগকে ভয় দেখাতে চেয়েছেন, এডিশনাল সেশন জাজ জেবা চৌধুরিকে হুমকি দিয়েছেন; তার এই হুমকির মূল উদ্দেশ্য পুলিশ এবং বিচারবিভাগকে তাদের ‘আইনি কার্যক্রম চালাতে না দেওয়া’।
পুলিশের তদন্তকারীরা জানিয়েছেন, রাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে কথিত হুমকি দিয়ে ইমরান খান সম্ভবত সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন করেছেন।
সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ইমরানের কয়েকশ সমর্থক তার ইসলামাবাদের বাসভবনের সামনে জড়ো হন; পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে তারা রাজধানী ‘দখল করে নেবে’ বলে হুঁশিয়ার করেছে, জানিয়েছে বিবিসি।
এখানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইমরান খানকে গ্রেপ্তার করতে আসেননি, শুধু আইন-শৃ্ঙ্খলা বজায় রাখার জন্য এসেছেন।
এপ্রিলে পার্লামেন্টের এক অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পাকিস্তানের বর্তমান সরকার ও সেনাবাহিনীর কঠোর সমালোচনা শুরু করেন তিনি। এবার দেশটির সরকার ও ইমরানের মধ্যে চলা তীব্র উত্তেজনার মধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হল।
