২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টকে ক্ষমতাসীন জোটের আহ্বান

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারের পক্ষ থেকে রোববার পাকিস্তানের সুপ্রিম কোর্টের কাছে এ অনুরোধ জানানো হয়।

ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টকে ক্ষমতাসীন জোটের আহ্বান

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Aug 2022, 11:10 PM

Updated : 21 Aug 2022, 11:10 PM

জনসম্মুখে একজন নারী বিচারক এবং পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়ে বক্তব্য রাখায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়েছে ক্ষমতাসীন জোট সরকার।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারের পক্ষ থেকে রোববার পাকিস্তানের সুপ্রিম কোর্টের কাছে এ অনুরোধ জানানো হয় বলে জানিয়েছে জিও নিউজ।

একদিন আগে ইসলামাবাদে একটি সমাবেশে হুমকির সুরে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান বলেন, তিনি ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক, উপ মহাপরিদর্শক এবং একজন নারী ম্যাজিস্ট্রেট কে ‘ছাড়বেন না’ এবং তাদের বিরুদ্ধে মামলা করবেন।

মূলত পিটিআই নেতা শাহবাজ গিলকে গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে ইমরান একথা বলেন।

ইসলামাবাদ পুলিশের আবেদনের ভিত্তিতে গত সপ্তাহে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন বিচারক জেবা চৌধুরি পিটিআই নেতা শাহবাজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিচারক জেবাকে নিয়ে ইমরান বলেন, জেবার বিরুদ্ধেও ‘মামলা হবে এবং সেজন্য তার প্রস্তুত থাকা উচিত’।

ইমরান একজন নারী বিচারককে ‘ভয় দেখিয়েছেন’ অভিযোগ করে পিএমএল-এন, পিপিপি, এমকিউএম-পি, জেইউআই-এফ এবং জোটের অন্যান্য শরিকদের পক্ষ থেকে রোববার এক যৌথ বিবৃতিতে একজন নারী বিচারক এবং ইসলামাবাদের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ইমরানের ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

হুমকি দিয়ে বক্তব্য রাখার কারণে ইমরান খানের বিরুদ্ধে শনিবার রাত ১০ টার দিকে রাজধানী ইসলামাবাদের মারগাল্লা পুলিশ স্টেশনে সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারায় একটি মামলাও (এফআইআর) দায়ের হয়েছে।

মেজিস্ট্রেট আলি জাভেদের অভিযোগের প্রেক্ষিতে এই এফআইআর দায়ের হয়।বিষয়টি রোববার সামনে এসেছে।

এফআইআর-এ বলা হয়, পিটিআই চেয়ারম্যান ইমরান খান এফ-৯ পার্কের সমাবেশের বক্তব্যে পুলিশ এবং বিচারবিভাগকে ভয় দেখাতে চেয়েছেন, এডিশনাল সেশন জাজ জেবা চৌধুরিকে হুমকি দিয়েছেন তিনি। পুলিশ এবং বিচারবিভাগকে তাদের আইনি কার্যক্রম চালাতে না দেওয়াটাই তার এই হুমকির মূল উদ্দেশ্য।

ওদিকে, রোববার প্রকাশিত ক্ষমতাসীন জোটের যৌথ বিবৃতিতে ইমরানের বক্তব্যের নিন্দা করে বলা হয়েছে, ‘‘কাউকে হুমকি দেওয়ার ‍অর্থ তাকে নির্মমভাবে অপমান করা, যা আইনের লঙ্ঘন। ‘বিশ্বাসঘাতক’ সেই ব্যক্তি যিনি সামরিক বাহিনীর মধ্যে বিদ্রোহের ষড়যন্ত্র করেছিলেন এবং এজন্য বিদেশ থেকে অর্থ পেয়েছিলেন।”

ইমরানের হুমকির জবাবে ইসলামাবাদ ক্যাপিটল টেরিটোরি (আইসিটি) পুলিশের পক্ষ থেকে রোববার বলা হয়, পুলিশ কর্মকর্তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করবেন।

টুইটারে আইসিটি-র পক্ষ থেকে আরও বলা হয়, পুলিশ হিসেবে শপথ গ্রহণের সময় তারা সব সময় দেশের সেবা করার প্রতিজ্ঞা করেছেন।

‘‘কেউ পুলিশকে হুমকি দিলে বা মিথ্যা অভিযোগ করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ইমরানের বক্তব্য সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা:

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের গুরুতর পরিণতির হুমকি দিয়ে ভাষণ দেওয়ার কারণে ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের ইলেক্ট্রোনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থাও (পেমরা)ক্ষেপেছে। তারা সাবেক এই প্রধানমন্ত্রীর বক্তব্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

জিও নিউজের খবরে বলা হয়, এ নির্দেশনা না মানলে নিউজ চ্যানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পেমরা।

রোববার জারি করা পেমরার বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমরান খানের বক্তব্য পেমরার নীতিমালার সরাসরি লঙ্ঘন। তবে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী যথাযথ পর্যবেক্ষণ ও সম্পাদনার পর ধারণ করা বক্তব্য সম্প্রচার করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পিটিআই প্রধানের বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কারণ, তিনি তার বক্তৃতায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দেশের নাগরিকদের ক্রমাগত উস্কানি দিচ্ছেন।

গত জুনে আস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ইমরান। তারপর ইমরান ও তার দলের জন্য বড় চ্যালেঞ্জ ছিল ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ঘাঁটি বলে পরিচিত পাঞ্জাব প্রদেশের উপনির্বাচন। যেখানে পিএমএল-এনকে রীতিমত কোণঠাসা করে বড় জয় পায় ইমরানের দল।

পাঞ্জাব বিজয় ইমরান ও তার দলের জন্য রাজনীতিতে পুনরায় ঘুরে দাঁড়ানোর প্রেরণা হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে পিটিআই এর যে জনপ্রিয়তা তাতেই ভয় ক্ষমতাসীন দলের।

যদি পিটিআই এর এই জনপ্রিয়তা অব্যাহত থাকলে তবে আগামী সাধারণ নির্বাচনের আবারও ক্ষমতায় ফিরতে পারেন ইমরান। সেটা রুখতে শাহবাজ সরকার পিটিআইকে বিভিন্নভাবে কাবু করার চেষ্টা করছে।