২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ এর বিরুদ্ধে ‘বড় বিজয়ের’ ঘোষণা চীনের

বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে দেশটির হাসপাতাল ও শবাগারগুলোতে ভিড় দেখার অসংখ্য খবর মিললেও চীন গত দুই মাসে হাসপাতালগুলোতে মাত্র ৮০ হাজারের মতো কোভিডে মৃত্যু রেকর্ড করেছে।

কোভিড-১৯ এর বিরুদ্ধে ‘বড় বিজয়ের’ ঘোষণা চীনের

ছবি রয়টার্সের

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2023, 04:47 PM

Updated : 17 Feb 2023, 04:47 PM

বিশ্বের মধ্যে কোভিড-১৯ এ সর্বনিম্ন মৃত্যুহার ধরে রেখে প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে ‘বড় ধরনের বিজয়ের’ ঘোষণা দিয়েছেন চীনের শীর্ষ নেতারা।

তিন বছর কঠোর বিধিনিষেধ দিয়ে রেখে চীন মোটাদাগে কোভিডে মৃত্যুকে অন্যদের তুলনায় দূরে রাখতে পারলেও, বিধিনিষেধ তুলে নেওয়ার পরের কয়েক মাসে তা কতটা পেরেছে তা নিয়ে সন্দেহ আছে পশ্চিমা অনেক বিশেষজ্ঞরই।

গত বছরের ডিসেম্বরের শুরুতে চীন হঠাৎ করে তাদের শূন্য-কোভিড নীতিতে বদল আনে, এতে দেশটির ১৪০ কোটি জনংসংখ্যার ৮০ শতাংশই আক্রান্ত হয় বলে গত মাসে সুপরিচিত এক চীনা সরকারি বিজ্ঞানী ধারণা দেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে দেশটির হাসপাতাল ও শবাগারগুলোতে ভিড় দেখার অসংখ্য খবর মিললেও চীন গত দুই মাসে হাসপাতালে কোভিডে মৃত্যু রেকর্ড করেছে ৮০ হাজারের মতো।

অনেক বিশেষজ্ঞ এই সংখ্যায় আপত্তি জানিয়ে বলছেন, প্রকৃত মৃত্যুর সংখ্যা এর কয়েকগুণ হবে।

অনেক রোগী বাড়িতেই মারা গেছেন, তাছাড়া মৃত্যুর কারণ হিসেবে কোভিডের কথা উল্লেখ করার ক্ষেত্রে চিকিৎসকদের অনুৎসাহিত করার কারণেও অনেকেই মৃত্যু চীনের সরকারি তালিকায় আসেনি, ভাষ্য তাদের।

তবে সরকার এই অভিযোগ স্বীকার করছে না।  

“২০২২ সালের নভেম্বর থেকে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারে ক্রমাগত প্রচেষ্টার কারণে তুলনামূলক স্বল্প সময়ের মধ্যেই কোভিড-১৯ মোকাবেলার ক্ষেত্রে ভালো ফল এসেছে।

“মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে একটি বড়সড় বিজয় অর্জিত হয়েছে,” বৃহস্পতিবার চীনের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এমনটাই বলা হয়েছে।

চীন ৮ লাখ গুরুতর অসুস্থসহ ২০ কোটির বেশি মানুষকে কোভিড-১৯ এর চিকিৎসা দিয়েছে বলেও জানিয়েছে তারা।

পরিস্থিতির উন্নতি হলেও চীনের শীর্ষ নেতারা বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস এখনও ছড়ানোয় এবং প্রতিনিয়ত ধরন বদলানোয় সাবধান থাকতেও পরামর্শ দিয়েছেন, বলেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। 

তাদের বৈঠকে বয়স্কদের টিকা দেওয়ার হার বাড়ানো, চিকিৎসা সরঞ্জামের উৎপাদন ও সরবরাহে জোর দেওয়ার কথাও বলা হয়।

চীনের শাসকগোষ্ঠীর সবচেয়ে প্রভাবশালী পর্ষদ এই পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি দেশের সব এলাকা ও বিভাগকে চিকিৎসা সেবা ব্যবস্থাপনা শক্তিশালী করারও তাগিদ দিয়েছে, বলেছে সিনহুয়া।

কোভিডে মোট কতজনের মৃত্যু হয়েছে, তাদের বিবৃতিতে সেই সংখ্যার উল্লেখ ছিল না।

কয়েক সপ্তাহের মধ্যেই চীনের বার্ষিক পার্লামেন্টারি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে নীতিনির্ধারকরা তিন বছরের কোভিড বিধিনিষেধের ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠার উপায় ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।