সেনাদের মনোবল বাড়াতে ইউক্রেইনে শিল্পীদের পাঠাবে রাশিয়া
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ সপ্তাহেই ‘ফ্রন্ট-লাইন ক্রিয়েটিভ ব্রিগেড’ গঠন করা হবে। এতে থাকবে কণ্ঠশিল্পী এবং বাদ্যযন্ত্রশিল্পী দু’ইই।
সেনাদের মানসিকভাবে চাঙ্গা করতে ইউক্রেইনে সম্মুখসারির যুদ্ধক্ষেত্রে শিল্পীদের একটি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, এ সপ্তাহেই ‘ফ্রন্ট-লাইন ক্রিয়েটিভ ব্রিগেড’ গঠন করা হবে। এতে কণ্ঠশিল্পী এবং বাদ্যযন্ত্রশিল্পী উভয়ই অন্তর্ভুক্ত করা হবে।
রোববারই অবশ্য যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়েছিল।
সম্প্রতি ইউক্রেইনের কয়েকটি অঞ্চলে যুদ্ধক্ষেত্রে পিছু হটতে বাধ্য হয়েছে রুশ সেনারা। তাদের অস্ত্র এবং রসদেও ঘাটতি দেখা দিয়েছে। টানা হারের সঙ্গে রসদের সংকট, সঙ্গে যোগ হয়েছে তীব্র ঠাণ্ডা ও দেশ থেকে দীর্ঘদিন দূরে থাকার মানসিক ধকল।
ফলে অনেক রুশ সেনা যুদ্ধে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে এবং কেউ কেউ সরাসরি অস্বীকৃতি জানাচ্ছে বলে খবর প্রকাশ পেয়েছে।
এ অবস্থায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু নিজে ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে গিয়েছেন বলে রুশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে টেলিগ্রামে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়, ইউক্রেইনের যেসব অঞ্চলে রুশ বাহিনী মোতায়েন রয়েছে সেসব এলাকা পরিদর্শন করেছেন সের্গেই শোইগু। তিনি সেনাদের সঙ্গে কথা বলেছেন এবং বিশেষ সামরিক অভিযানের আওতাভুক্ত এলাকার সমারিক ইউনিটগুলো ঘুরে দেখেছেন।
তবে কবে শোইগু এই সফরে গেছেন যে বিষয়ে বিবিসি নিশ্চিত হতে পারেনি।
শোইগুর এই সফর নিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ইউক্রেইনজুড়ে রুশ বাহিনীর দুর্বলতার চিত্র ফুটে উঠেছে। এমন বাস্তবতায় সেনাদের দুর্বলতার কাটিয়ে ওঠার উৎসাহ যোগাতেই সের্গেই শোইগুর এই সফর।
