আফগানিস্তানে তেল উত্তোলন চুক্তিতে সম্মত তালেবান ও চীনা কোম্পানি
তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে জ্বালানি অনুসন্ধানে বিদেশি কোনো কোম্পানির সঙ্গে প্রথম গুরুত্বপূর্ণ চুক্তি হতে যাচ্ছে এটি।
আফগানিস্তানের উত্তরাঞ্চলে তেল অনুসন্ধানের জন্য চীনা একটি কোম্পানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে তালেবান সরকার।
তালেবান ২০২১ সালে দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে জ্বালানি অনুসন্ধানে বিদেশি কোনো কোম্পানির সঙ্গে প্রথম গুরুত্বপূর্ণ চুক্তি হতে যাচ্ছে এটি।
২৫ বছরের এ চুক্তিটি ওই অঞ্চলে চীনের অর্থনৈতিক সম্পক্তৃতা জোরদার হওয়ার বিষয়টি তুলে ধরেছে বলে ভাষ্য বিবিসির।
তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, চুক্তি অনুযায়ী শিনজিয়াং সেন্ট্রাল এশিয়া পেট্রোলিয়াম এন্ড গ্যাস কোম্পানি (সিএপিইআইসি) আমু দরিয়া অববাহিকায় তেলের জন্য অনুসন্ধান চালাবে।
আফগানিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ইউ কাবুলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমু দরিয়া তেল চুক্তি চীন ও আফগানিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।”
চীনের রাষ্ট্রায়ত্ত একটি কোম্পানি আফগানিস্তানের পূর্বাঞ্চলে তামার খনির কার্যক্রম পরিচালনার বিষয় নিয়েও আলোচনারত আছে বলে জানিয়েছে বিবিসি।
ধারণা করা হয়, আফগানিস্তান প্রাকৃতি সম্পদে ভরপুর একটি দেশ; এখানে প্রাকৃতিক গ্যাস, তামা ও বিরল মৃত্তিকাসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের মজুদ আছে যার মূল্য এক ট্রিলিয়ন ডলারেরও বেশি।
কিন্তু দশকের পর দশক ধরে অশান্ত পরিস্থিতি বিরাজ করায় এসব মজুদ অব্যবহৃতই রয়ে গেছে।
বেইজিং আফগানিস্তানের তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও দেশটির ব্যাপারে তাদের উল্লেখ করার মতো আগ্রহ আছে, চীনের বেল্ট এন্ড রোড উদ্যোগের (বিআরআই) জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চলের কেন্দ্রে এর অবস্থান।
২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুরু করা বিআরআই উন্নয়নশীল দেশগুলোতে বন্দর, রাস্তা ও সেতু নির্মাণে অর্থায়ন করে থাকে।
বৃহস্পতিবার তালেবান কর্মকর্তারা জানান, নিরাপত্তা বাহিনী চীনা ব্যবসায়ীদের ব্যবহার করা একটি হোটেলে হামলা চালানো ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের আট সদস্যকে হত্যা ও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
ডিসেম্বরে কাবুলের লোগান হোটেলে চালানো ওই হামলায় তিনজন নিহত ও পাঁচ চীনা নাগরিকসহ ১৮ জন আহত হয়েছিল।
