কিইভে হামলার আশঙ্কা, নাগরিকদের ইউক্রেইন ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
ইউক্রেইনের স্বাধীনতা দিবস উপলক্ষে রাশিয়া রাজধানী কিইভে তীব্র হামলা চালাতে পারে আশঙ্কায় মার্কিন নাগরিকদের এ পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেইনের স্বাধীনতা দিবস এবং সেখানে রুশ আগ্রাসনের ছয় মাস পূর্ণ হওয়া উপলক্ষে রাশিয়া রাজধানী কিইভের বেসামরিক অবকাঠামো ও সরকারি ভবনগুলোতে তীব্র হামলা চালাতে পারে আশঙ্কায় যুক্তরাষ্ট্র মার্কিন নাগরিকদের ইউক্রেইন ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।
কিইভে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে মঙ্গলবার এ মর্মে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যদি সম্ভব হয় তবে ইউক্রেইন ছেড়ে যেতে বলা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। মঙ্গলবার আগ্রাসনের ছয় মাস পূর্ণ হয়েছে। এদিকে, পরদিন ২৪ অগাস্ট বুধবার ইউক্রেইনের ৩১তম স্বাধীনতা দিবস। এই দিনে দেশটি সোভিয়েত শাসন মুক্ত হয়েছিল।
স্বাধীনতা দিবসে রাশিয়া হামলার তীব্রতা বাড়াতে পারে এমন আশঙ্কা থেকে ইউক্রেইন সরকার রাজধানী কিইভে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সব ধরণের উৎসব-অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
যুদ্ধের বর্তমান অবস্থা সম্পর্কে ইউক্রেইনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, রুশ বাহিনী দেশটির দক্ষিণ-পূর্ব জেপোরোজিয়া অঞ্চলে গোলা এবং বিমান হামলা চালিয়েছে। সেখানে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে তুমুল লড়াই হয়েছে।
ছয় মাসের এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। নগরীগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে এবং এ যুদ্ধ এখন একটি অচলাবস্থার মধ্যে আটকে গেছে।
রুশ বাহিনী কৃষ্ণ সাগর উপকূলসহ ইউক্রেইনের দক্ষিণের একটি বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। পূর্বের ডনবাস অঞ্চলের অনেকাংশও এখন তাদের দখলে। যুদ্ধ বন্ধের কোনও সম্ভাবনা এখন আর প্রায় নেই বললেই চলে, বরং পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠেছে।
মস্কোতে গত শনিবার রাতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় বোমা হামলায় নিহত হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু আলেক্সান্দার দুগিনের মেয়ে সাংবাদিক দারিয়া দুগিনা। পুতিনের তাত্ত্বিক গুরু আলেক্সান্দার ‘পুতিনের মস্তিষ্ক’ বলে পরিচিত।
দারিয়া দুগিনা হত্যাকাণ্ডকে ‘জঘণ্য ও নির্মম’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন পুতিন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য ইউক্রেইনকে দোষ দিয়েছেন। বলেছেন, ইউক্রেইনের এজেন্টরাই দারিয়াকে হত্যা করেছে এবং তাদের মূল লক্ষ্য ছিল তার বাবা আলেক্সান্দার দুগিন। কিইভ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।
পুতিন দারিয়া দুগিনা হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইউক্রেইনে হামলার গতি বাড়াতে পারেন বলে আশঙ্কা অনেকের। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য আগেই আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, দেশটির স্বাধীনতা দিবস ঘিরে মস্কো ‘কদর্য হামলা চালাতে পারে’।
