২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩ দেশের নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা দিচ্ছে ইরান

ভিসাবিধি তুলে নেওয়া দেশগুলোর মধ্যে আছে- সৌদি আরব, বাহরাইন এমনকি ইইউ ও নেটো সদস্যদেশ ক্রোয়েশিয়াও।

৩৩ দেশের নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা দিচ্ছে ইরান

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 15 Dec 2023, 06:27 PM

Updated : 15 Dec 2023, 06:31 PM

৩৩টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধা দিতে চলেছে ইরান। এর মধ্যে রয়েছে সৌদি আরবের মতো উপসাগরীয় আরব দেশও। যে দেশের সঙ্গে বছরের পর বছর ধরে ইরানের শীতল সম্পর্ক ছিল।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা আইএসএনএ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, “পর্যটন মন্ত্রণালয় বিশ্বাস করে যে, দ্বার-খোলা নীতি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে জড়িত হওয়ার জন্য ইরানের সদিচ্ছার প্রতিফলন ঘটাবে।”

ইরানের সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটনমন্ত্রী ইজ্জাতোল্লা জারগামি বলেছেন, “এ সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে- বিশ্বজুড়ে বিভিন্ন দেশ থেকে পর্যটক আগমন বাড়ানো এবং আরও দর্শণার্থী আকৃষ্ট করা।”

ভিসাবিধি তুলে নেওয়া দেশগুলোর মধ্যে সৌদি আরব ছাড়াও আছে- সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ভারত, রাশিয়া, লেবানন, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিউনিসিয়া, মৌরিতানিয়া, জিম্বাবুয়ে, তাঞ্জানিয়া, মরিশাস, সেশেলস, ইন্দোনেশিয়া, ব্রুনেই, জাপান, সিঙ্গাপুর, ক্যাম্বোডিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, পেরু, কিউবা, মেক্সিকো, ভেনেজুয়েলা, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, সার্বিয়া, বেলারুশ এমনকি বাহরাইনও; যে দেশটির সঙ্গে ইরানের এখনও পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃর্প্রতিষ্ঠা হয়নি।

তাছাড়া, একমাত্র পশ্চিমা-মিত্র ইউরোপীয় দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন এবং নেটোর ছোট সদস্যদেশ ক্রোয়েশিয়া তালিকায় স্থান পেয়েছে।

এ তালিকায় পরবর্তীতে যোগ হতে পারে আরও ১২ টি দেশ। অর্থাৎ, সব মিলে মোট ৪৫ টি দেশের নাগরিকরা এ সুবিধা পেতে পারেন বলে জানিয়েছে আইএসএনএ বার্তা সংস্থা।

তালিকায় সৌদি আরবের স্থান পাওয়াকে ইরানের সঙ্গে দেশটির সম্পর্কের বরফ গলার আরেকটি ধাপ হিসাবেই দেখছেন বিশ্লেষকরা। কারণ, বছরের পর বছর ধরে তেল উৎপাদনকারী উপসাগরীয় এই দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলে এসেছে। 

রিয়াদ ও তেহরান গত এক দশকে সিরিয়া, ইরাক ও ইয়েমেনের যুদ্ধে বিবাদমান পক্ষগুলোর সঙ্গে জড়িয়েছে। সৌদি আরবের তেল অবকাঠামোর ওপর হামলার পেছনে ইরানকে দায়ী করেছিল পশ্চিমারা। যদিও ইরান হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

২০১৬ সালে ইরান ও সৌদি আরব তাদের মধ্যকার দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করেছিল। তবে চলতি বছর মার্চে চীনের মধ্যস্থতায় এক চুক্তির অধীনে আবার দু’দেশের মধ্যে সে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে।

আইএসএনএ জানায়, “রুশরা কেবল দলে দলে ইরান পরিদর্শন করলেই এ ভিসা ছাড় থেকে লাভবান হবে। আর ওমানের নাগরিকরা আগে থেকেই ভিসা ছাড়া ইরানে যাতায়াত করতে পারতেন।

এবার নতুন ভিসা ছাড় চালু হলে ইরানের মুসলিমরা আট বছর পর প্রথম নিয়মিত সৌদি আরব ভ্রমণের সুযোগ পাবে। আগামী ১৯ ডিসেম্বর থেকে এ ভ্রমণ চালু হবে বলে বুধবার জানিয়েছে ইরানের গণমাধ্যম। 

ইরান ও সৌদি আরব সম্পর্কে টানাপোড়েনের কারণে ওমরাহ পালনের জন্য ইরানিদের সৌদি আরবে যাওয়া নিষিদ্ধ করেছিল সরকার। সে দরজাই এবার খুলতে চলেছে।